ফুলবাড়ি: বাড়ি ফেরার তাড়া ছিল,না কি শুধুই ভাগ্যের নিষ্ঠুর পরিহাস? বুধবার সন্ধ্যায় কোচবিহারের মাথাভাঙ্গা-২ ব্লকের ফুলবাড়িতে এক ভয়াবহ বাইক দুর্ঘটনায় মৃত্যু হল স্বপন রায় (২৩) নামে এক যুবকের। দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন আরও দুই আরোহী।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ফালাকাটার দিক থেকে একটি বাইকে করে তিনজন যুবক ফুলবাড়ির দিকে আসছিলেন। ফুলবাড়ি হাইস্কুল সংলগ্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কাছে পৌঁছাতেই নিয়ন্ত্রণ হারায় বাইকটি। প্রবল গতিতে থাকা যানটি সজোরে ধাক্কা মারে রাস্তার ধারের একটি গাছে। মুহূর্তের মধ্যে সবটা ওলটপালট হয়ে যায়। আর্তনাদে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা।
ঘোকসাডাঙ্গা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে উদ্ধার করে ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে ধূপগুড়ি ব্লকের পুণ্ডিবাড়ির বাসিন্দা স্বপন রায়কে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। আহত অন্য দুজনের মধ্যে রাহুল বর্মনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। তাঁর বাড়ি ফুলবাড়ির দ্বারলক্ষ্মীপুরে। তৃতীয় আরোহী শংকর রায়ের চিকিৎসা চলছে।
