গঙ্গারামপুর: ভয়াবহ পথ দুর্ঘটনায় (Highway Accident) মর্মান্তিক মৃত্যু হলো এক গৃহবধূর। শুক্রবার গঙ্গারামপুর থানার (Gangarampur Police Station) অন্তর্গত ৫১২ নম্বর জাতীয় সড়কে এই ঘটনায় প্রাণ হারান কাকলি সরকার (২৭)। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন তাঁর স্বামী চঞ্চল সরকার (৩৫), যিনি পেশায় একজন প্রাথমিক শিক্ষক। দুর্ঘটনার পর ঘাতক ডাম্পার নিয়ে চালক চম্পট দেয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, দম্পতি পশ্চিম কড়িয়ালের বাসিন্দা। তাঁদের ঠ্যাঙ্গাপাড়া এলাকায় একটি দোকান রয়েছে। এদিন রাতে দোকান বন্ধ করে বাইকে করে বাড়ি ফিরছিলেন তাঁরা। পথে বাতাসকুড়ি এলাকায় গঙ্গারামপুর থেকে বুনিয়াদপুরগামী একটি ডাম্পার পেছন থেকে অত্যন্ত দ্রুতগতিতে এসে বাইকটিতে সজোরে ধাক্কা মারে।
ধাক্কার চোটে চঞ্চলবাবু বাইক থেকে ছিটকে দূরে পড়ে গেলেও, স্ত্রী কাকলি সরকার ডাম্পারের নিচে চাপা পড়ে যান। ঘটনার পরই চালক গাড়ি নিয়ে পালিয়ে যায়। স্থানীয় বাসিন্দারা দ্রুত ছুটে এসে প্রথমে চঞ্চলবাবুকে উদ্ধার করে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে (Gangarampur Hospital) পাঠান। এরপর এলাকার মানুষজন একত্রিত হয়ে ডাম্পারটিকে উল্টে তার নিচ থেকে অচেতন অবস্থায় কাকলি সরকারকে উদ্ধার করেন। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় বাসিন্দা সুদেব কর ও সুজিত সরকার জানান, ডাম্পার চালকের বেপরোয়া মনোভাবের কারণেই এই দুর্ঘটনা। এমনকি দুর্ঘটনার পর গাড়ি না থামিয়ে চালক পালিয়ে যাওয়ায় ক্ষোভ ছড়িয়ে পড়েছে এলাকায়।
এই ঘটনার জেরে ৫১২ নম্বর জাতীয় সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় গঙ্গারামপুর থানার পুলিশ। ট্রাফিক পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘাতক ডাম্পার ও চালকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। এই ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
