উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : রাজ্যসভার সাংসদ পদে প্রাক্তন বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলা সহ চারজনকে মনোনীত করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শ্রুিংলা ছাড়াও উজ্জ্বল নিকম, মীনাক্ষী জৈন এবং সি সদানন্দন মাস্টারকে মনোনীত করেছেন তিনি। সংবিধানের ৮০(১)(ক) অনুচ্ছেদের অধীনে কাউকে রাজ্যসভার সদস্য মনোনীত করার ক্ষমতা রয়েছে রাষ্ট্রপতির। সেই ক্ষমতাবলে প্রাক্তন বিদেশ সচিব হর্ষ শ্রিংলা, আইনজীবী উজ্জ্বল নিকম, কেরলের শিক্ষক-সমাজকর্মী সি সদানন্দন মাস্টার, ইতিহাসবিদ ডঃ মীনাক্ষী জৈনকে মনোনীত করেছেন। শনিবার একটি সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পূর্বে মনোনীত সদস্যদের অবসর গ্রহণের ফলে সৃষ্ট শূন্যপদ পূরণের জন্য এই চারজনকে মনোনয়ন দেওয়া হয়েছে।
অবসরপ্রাপ্ত কূটনীতিক হর্ষবর্ধন শ্রিংলা ভারতের বিদেশ সচিব হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র ও থাইল্যান্ডে ভারতের রাষ্ট্রদূত, বাংলাদেশে হাইকমিশনারে হিসেবে দায়িত্ব পালন করেছেন। গত লোকসভা ভোটের সময় জল্পনা ছড়িয়েছিল, দার্জিলিং লোকসভা কেন্দ্রে বিজেপি শ্রিংলাকে প্রার্থী করতে পারে। প্রাক্তন বিদেশ সচিবও সেই মোতাবেক শিলিগুড়িতে এসে নিজেকে ভূমিপুত্র দাবি করে বিভিন্ন সামাজিক কর্মসূচিতে অংশ নেন। যদিও শেষ পর্যন্ত বিজেপি লোকসভা ভোটে শ্রিংলাকে প্রার্থী করেনি। লোকসভায় টিকিট না পেলেও এবার রাষ্ট্রপতি মনোনীত করায় রাজ্যসভায় যাচ্ছেন প্রাক্তন কূটনীতিক।
শ্রিংলা উত্তরবঙ্গ সংবাদকে বলেছেন, ‘এই মনোনয়নে আমি খুশি। পাহাড় সহ গোটা উত্তরবঙ্গের উন্নয়নে কাজ করব।’
