হরিশ্চন্দ্রপুর: ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল দুটি পরিবারের সর্বস্ব। মঙ্গলবার রাত ১০ টা নাগাদ মালদহের হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের লক্ষণপুর গ্রামে ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, মজদর আলীর বাড়িতে প্রথমে আগুন লেগে তা প্রতিবেশী সাজিরুল ইসলামের বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। ক্ষণিকের মধ্যে দাউ দাউ করে জ্বলতে থাকে দুটি ঘর। তখন ঘরের ভিতরে ছিলেন মজদর আলী ও তার পরিবার। কোনওরকমে বাড়ির লোকেরা ঘর থেকে বেরিয়ে আসে। তবে গোয়ালঘর সহ একটি গরু ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী সহ সব আগুনে পুড়ে যায়। জানা গেছে, প্রতিবেশীর গোয়াল ঘরে মশা তাড়ানোর ধূপ থেকে আগুনের সূত্রপাত। খবর পেয়ে ছুটে আসে দমকল,তাঁদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে।
অগ্নিকাণ্ডের ঘটনায় সর্বস্ব হারিয়ে সরকারি সাহায্যের দাবি তুলেছে ক্ষতিগ্রস্ত দুই পরিবারের সদস্যরা। খবর পেয়ে বুধবার সকালে ঘটনাস্থলে পৌঁছান পশ্চিমবঙ্গ সরকারের প্রতিমন্ত্রী তজমুল হোসেন। তিনি বলেন, ‘এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। বিডিওকে জানানো হয়েছে, পাশাপাশি আমরাও পরিবারের পাশে আছি।’
