হরিশ্চন্দ্রপুর: মালদার হরিশ্চন্দ্রপুর (Harishchandrapur) এবং কালিয়াচক থানা এলাকা থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেল তিন তরুণী ও এক পাঁচ বছরের নাবালিকা শিশু। একসাথে এতজনের নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। নিখোঁজদের খোঁজে যৌথভাবে তদন্ত শুরু করেছে হরিশ্চন্দ্রপুর ও কালিয়াচক থানার পুলিশ (Police)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিখোঁজদের মধ্যে দু’জন হরিশ্চন্দ্রপুর থানার দৌলতপুর গ্রামের বাসিন্দা— আয়েশা খাতুন (২৬) এবং তার বান্ধবী মর্জিনা খাতুন (২২)। পরিবার সূত্রে খবর, গত ২৭ মে দর্জির বাড়ি যাওয়ার নাম করে আয়েশা বাড়ি থেকে বের হন, এরপর থেকেই তাঁর আর কোনো খোঁজ মেলেনি। একই দিনে নিখোঁজ হয়েছেন কালিয়াচক থানা এলাকার চাঁশপাড়া গ্রামের বাসিন্দা জয়নাব খাতুন (২৬) এবং তাঁর পাঁচ বছরের শিশুকন্যা।
আয়েশার পরিবারের দাবি, নিখোঁজ হওয়ার সময় আয়েশা তাঁর মোবাইল ফোনটিও সাথে নেননি। প্রাথমিক তদন্তে পরিবারগুলোর ধারণা, এই তিনজন তরুণী সম্ভবত একসাথেই কোথাও গিয়েছেন। তবে কেন এবং কোথায় তাঁরা গেলেন, তা নিয়ে ধোঁয়াশা কাটছে না। নিখোঁজ তরুণীদের পরিবারের পক্ষ থেকে হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
আয়েশার বাবা সৈয়দ আখতারুল আলম জানান, “মেয়ে বাড়ি থেকে বের হওয়ার পর অনেক জায়গায় খোঁজ করেছি, কিন্তু কোথাও হদিশ পাইনি। পরে জানতে পারি তার বান্ধবী মর্জিনা এবং কালিয়াচকের জয়নাবও একই দিনে নিখোঁজ হয়েছে। আমরা খুব চিন্তিত, বুঝতে পারছি না ওরা কোথায় আছে।”
হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ জানিয়েছে, নিখোঁজের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। কালিয়াচক পুলিশের সাথে সমন্বয় রেখে নিখোঁজদের সন্ধানে সবরকম চেষ্টা চলছে। তবে ঘটনাটি অপহরণ না কি অন্য কোনো কারণ, তা নিয়ে এলাকায় নানা জল্পনা চলছে।
