উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ব্যক্তিগত জীবন নিয়ে ফের জোর চর্চায় ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। নাতাশা স্ট্যানকোভিচের (Natasa Stankovic) সঙ্গে বিবাহবিচ্ছেদের পর বর্তমানে জনপ্রিয় মডেল মাহিকা শর্মার (Mahieka Sharma) সঙ্গে সম্পর্কে রয়েছেন তিনি। তাঁদের রসায়ন নিয়ে বেশ কিছুদিন ধরেই জলঘোলা হচ্ছিল। তবে এবার তা আরও একধাপ এগিয়ে সরাসরি বিয়ের পিঁড়ি পর্যন্ত পৌঁছে গেল (Marriage ceremony Rumours)।
সম্প্রতি একটি ইনস্টাগ্রাম পোস্ট ঘিরে নেটপাড়ায় তোলপাড় শুরু হয়েছে। ওই পোস্টে দাবি করা হচ্ছে, আগামী ২২ মে উদয়পুরে একেবারেই গোপন ও ছিমছাম অনুষ্ঠানের মাধ্যমে মাহিকার সঙ্গে সাতপাকে বাঁধা পড়তে চলেছেন হার্দিক। যেখানে শুধুমাত্র দুই পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুরাই উপস্থিত থাকবেন। তবে এই জল্পনা নিয়ে এখনও পর্যন্ত হার্দিক বা মাহিকা—কেউই মুখ খোলেননি। তাঁদের টিমের পক্ষ থেকেও কোনও আনুষ্ঠানিক সিলমোহর দেওয়া হয়নি।
চলতি বছর আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচগুলোতে গ্যালারিতে প্রায়শই দেখা মিলেছে মাহিকার। ম্যাচ শেষ হতেই হার্দিককে তাঁর সঙ্গে দীর্ঘ সময় কাটাতেও দেখা গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় এমনও দাবি করা হচ্ছে যে, ড্রেসিংরুমের কিছু ব্যক্তিগত কথাবার্তা ফাঁস হওয়ার পরেই এই খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ে। যদিও এই ফাঁসের খবরের কোনও সত্যতা মেলেনি।
উল্লেখ্য, এর আগে ২০২০ সালে মডেল নাতাশা স্ট্যানকোভিচের সঙ্গে আইনি বিয়ে সেরেছিলেন হার্দিক। পরবর্তীতে ২০২৩ সালে উদয়পুরেই ধুমধাম করে সামাজিক বিয়ে করেন তাঁরা। তাঁদের অগস্ত্য নামে একটি পুত্রসন্তানও রয়েছে। তবে ২০২৪ সালের জুলাই মাসে চার বছরের দাম্পত্য জীবনের ইতি টেনে নাতাশার সঙ্গে ডিভোর্সের ঘোষণা করেন হার্দিক। তারপর মাহিকার সঙ্গে নতুন সম্পর্কে জড়ান হার্দিক। এখন দেখার, উদয়পুরের এই বিয়ের গুঞ্জন সত্যিই বাস্তবে রূপ নেয় কি না।
