অমিতকুমার রায়,হলদিবাড়ি: হলদিবাড়ির মেয়ে তনুশ্রীর নেতৃত্বে জাতীয় স্তরের ভলিবল প্রতিযোগিতায় ভারত সেরা হল বাংলা। পাঁচ দিনব্যাপী চলা এই ৬৯তম জাতীয় স্কুল গেমস ভলিবলের আসর বসেছিল উত্তরপ্রদেশের বারৌলিতে। তাতে অনুর্ধ ১৭ বালিকা ভলিবলে সেরার শিরোপা ছিনিয়ে নেয় বাংলার বিভিন্ন স্কুলের ছাত্রীদের নিয়ে গঠিত দল। আর সেই দলের ১২ জন সদস্যের মধ্যে হলদিবাড়ি ব্লকের সীমান্তবর্তী দেওয়ানগঞ্জ হাইস্কুলের পাঁচ জন ছাত্রী ছিল। খেলার সময় দলের নেতৃত্ব দেয় ওই স্কুলেরই ছাত্রী তনুশ্রী রায়। সে গতবছরও ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করেছিল। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বাংলা দলকে শুভেচ্ছা জানিয়েছেন। এ বিষয়ে তিনি নিজের সোশ্যাল মিডিয়ায় ছবিসহ পোস্টও করেন।
