উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: মার্কিন আদালতে বড় ধাক্কা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump)। আমেরিকায় দক্ষ বিদেশি কর্মীদের জন্য এইচ-১বি ভিসার ক্ষেত্রে ট্রাম্প প্রশাসনের ঘোষিত ১ লক্ষ ডলারের বিশাল ফি (H-1B Visa Payment) বাতিল করলেন এক ফেডারেল বিচারক (US Federal Choose)। সোমবার বস্টন জেলা আদালতের বিচারক লিও সোরোকিন এই গুরুত্বপূর্ণ রায় প্রদান করেন। আদালতের এই নির্দেশের ফলে মার্কিন প্রযুক্তি সংস্থা, বিশ্ববিদ্যালয় এবং হাজার হাজার বিদেশি কর্মীর, বিশেষ করে ভারতীয়দের মধ্যে স্বস্তির নিঃশ্বাস পড়েছে (Indian Employees)।
ট্রাম্প প্রশাসন গত বছর সেপ্টেম্বর মাসে এইচ-১বি ভিসার ফি অস্বাভাবিকভাবে বাড়িয়ে ১ লক্ষ ডলার করার ঘোষণা দিয়েছিল। প্রশাসনের দাবি ছিল, এই সিদ্ধান্তের ফলে বিদেশি কর্মীর ওপর নির্ভরতা কমে আসবে এবং মার্কিন নাগরিকরা বেশি কর্মসংস্থানের সুযোগ পাবেন। তবে বিচারক সোরোকিন তাঁর রায়ে স্পষ্ট জানিয়েছেন যে, কংগ্রেসের অনুমোদন ছাড়া প্রেসিডেন্টের এমন কোনও ফি আরোপ করার এক্তিয়ার নেই। বিচারকের মতে, এই ফি মূলত একটি ‘কর’ বা ট্যাক্সের শামিল, যা কার্যকর করার ক্ষমতা প্রেসিডেন্টের হাতে নেই।
উল্লেখ্য যে, এইচ-১বি ভিসা কর্মসূচির বড় অংশজুড়ে রয়েছেন ভারতীয়রা। প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং, স্বাস্থ্যসেবা ও অর্থব্যবস্থার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে কর্মরত দক্ষ পেশাজীবীদের জন্য এই ভিসা অত্যন্ত জরুরি। বর্তমান নিয়ম অনুযায়ী, আগে যেখানে নিয়োগকর্তাদের ২ হাজার থেকে ৫ হাজার ডলার ফি দিতে হত, সেখানে ১ লক্ষ ডলারের ফি ধার্য হওয়ায় ব্যাপক শঙ্কা তৈরি হয়েছিল।
২০ জন ডেমোক্র্যাটিক অ্যাটর্নি জেনারেলের দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে বিচারক এই রায় দেন। যদিও ট্রাম্প প্রশাসন এই রায়ের বিরুদ্ধে আপিল করার ইঙ্গিত দিয়েছে। তবে এই মুহূর্তে আদালতের এই রায় উচ্চশিক্ষিত পেশাজীবী ও মার্কিন সংস্থাগুলোর জন্য একটি বড় আইনি জয় হিসেবেই বিবেচিত হচ্ছে।
