কোচবিহার: ছাত্র সংঘর্ষ সহ নানা ইস্যুতে কোচবিহার গত কয়েকদিন ধরেই উত্তপ্ত (Cooch Behar)। তার মাঝেই এবার গভীর রাতে জেলার দুই রাজনৈতিক দলের কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় চরম চাঞ্চল্য ছড়াল (SUCI & Ahead Bloc Workplaces vandalized)।
জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাতে কোচবিহারে এসইউসিআই-এর জেলা কার্যালয়ে দুষ্কৃতীরা ব্যাপক ভাঙচুর চালায়। ঘটনার পর অভিযোগের তির গিয়েছে বিজেপির দিকে। এসইউসিআই নেতা নেপাল মিত্র এনিয়ে বলেছেন, ‘বিজেপির দুষ্কৃতীরা আমাদের জেলা কার্যালয়ে ভাঙচুর চালিয়েছে। দোষীদের কঠোর শাস্তি চাই।’ যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। দলের জেলা সহ-সভাপতি বিরাজ বসু বলেছেন, ‘বিজেপি গণতন্ত্রে বিশ্বাসী। এসব ভাঙচুরের ঘটনায় বিজেপির কেউ জড়িত নয়।’
পাশাপাশি, তাণ্ডব চালানো হয়েছে শহর লাগোয়া খাগরাবাড়িতে ফরওয়ার্ড ব্লকের কার্যালয়েও। এনিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে ফরওয়ার্ড ব্লকের জেলা সভাপতি দীপক সরকার বলেন, ‘রাতের অন্ধকারে কাপুরুষের মতো গণতন্ত্রের কণ্ঠরোধের চেষ্টা করা হচ্ছে। পুলিশ দ্রুত অভিযুক্তদের খুঁজে বের করুক।’

