Govinda-Sunita Divorce Case | সব জল্পনার অবসান! বিবাহবিচ্ছেদের মামলা তুলে নিলেন গোবিন্দা পত্নী সুনীতা

ব্লগ/BLOG
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: দীর্ঘদিনের জল্পনা এবং নানা বিতর্কের পর অবশেষে কি তবে বরফ গলল তারকা দম্পতির সংসারে? অভিনেতা গোবিন্দা (Govinda) ও তাঁর স্ত্রী সুনীতা আহুজার (Govinda-Sunita Divorce Case) বৈবাহিক সম্পর্ক নিয়ে চলা সমস্ত আইনি লড়াইয়ে বড় মোড় এল। গোবিন্দার ম্যানেজার শশী সিনহা নিশ্চিত করেছেন যে, সুনীতা আহুজা অভিনেতার বিরুদ্ধে দায়ের করা তাঁর বিবাহবিচ্ছেদের মামলাটি আনুষ্ঠানিকভাবে তুলে নিয়েছেন। মুম্বইয়ের বান্দ্রা কোর্টে সুনীতাকে দেখা যাওয়ার পরেই এই তথ্য প্রকাশ্যে আসে, যা নিয়ে বর্তমানে বিনোদন দুনিয়ায় (Bollywood Information) শুরু হয়েছে ব্যাপক শোরগোল।

গত প্রায় দু’বছর ধরে গোবিন্দা এবং সুনীতার সম্পর্ক নিয়ে নানা বিতর্ক ও বিবাহবিচ্ছেদের গুঞ্জন সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছিল। সম্প্রতি সুনীতা আহুজার কিছু বিতর্কিত সাক্ষাৎকার এবং অভিনেতা গোবিন্দার এক সহ-অভিনেত্রীকে কেন্দ্র করে ওঠা বিভিন্ন অভিযোগ এই বিবাদকে চরম সীমায় পৌঁছে দিয়েছিল। এমনকি সুনীতা প্রকাশ্যেই গোবিন্দার বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ তুলে তাঁকে ‘সুগার ড্যাডি’ বলেও কটাক্ষ করেছিলেন। অন্যদিকে, গোবিন্দাও এক সাক্ষাৎকারে প্রকাশ্যে স্ত্রীর বিরুদ্ধে তাঁর কাজে হস্তক্ষেপ করা এবং তাঁকে বদনাম করার চেষ্টার অভিযোগ এনেছিলেন।

আইনি লড়াই আদালত পর্যন্ত গড়ানো নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করেছেন গোবিন্দার ম্যানেজার শশী সিনহা। তিনি সংবাদমাধ্যমকে জানান, পরিবারের বিষয় ঘরের মধ্যেই সীমাবদ্ধ থাকা উচিত ছিল। আদালতে মামলা গড়ানোর ফলে গোটা দুনিয়ার কাছে বিষয়টি তামাশায় পরিণত হয়েছে, যা অত্যন্ত বেদনাদায়ক। তবে মামলা প্রত্যাহারের পর গোবিন্দার তরফ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

উল্লেখ্য, ১৯৮৭ সালের মার্চ মাসে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন গোবিন্দা ও সুনীতা। দীর্ঘ প্রায় চার দশকের দাম্পত্য জীবনে তাঁদের দুই সন্তান—টিনা ও যশবর্ধন রয়েছে। এর আগেও গত বছর গণেশ চতুর্থীর সময় তাঁদের একসঙ্গে পোজ দিতে দেখা গিয়েছিল এবং সুনীতা দাবি করেছিলেন যে তাঁদের কেউ আলাদা করতে পারবে না। মাঝখানে সম্পর্কের টানাপোড়েন চরমে পৌঁছলেও বর্তমান পরিস্থিতিতে মামলা তুলে নেওয়ার এই পদক্ষেপে দম্পতির অনুরাগীরা কিছুটা স্বস্তি পেয়েছেন। এখন দেখার, এই সমঝোতার মাধ্যমে কি সত্যিই অতীত ভুলে ফের এক ছাদের নীচে স্বাভাবিক ছন্দে ফিরতে চলেছেন এই তারকা দম্পতি?



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *