উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ ছাগল চরাতে গিয়ে ভাগ্য বদলে গেল এক রাখালের! আর সেই খবর চাউর হতেই রাতারাতি সাধারণ এক তৃণভূমি রূপ নিল ‘সোনার খনি’তে। কেনিয়ার এক প্রত্যন্ত গ্রামে সোনা পাওয়ার লোভে (Gold Rush) ভিড় জমিয়েছেন হাজার হাজার মানুষ।
ঘটনাটি ঘটেছে কেনিয়ার পশ্চিম পোকোট কাউন্টির (West Pokot County) চেপোরোর (Cheporor) নামক একটি গ্রামে। অতীতে যে জমিতে শুধু ঝোপঝাড় ও গবাদি পশুর চরার জায়গা ছিল, আজ সেখানে শুধুই গর্ত, মাটির স্তূপ আর বেলচা হাতে মানুষের ব্যস্ততা।
স্থানীয় সূত্রে জানা গেছে, ৩৩ বছর বয়সী এক ছাগল পালক মানসে লোমাচার (Manse Lomachar) কয়েক সপ্তাহ আগে ওই এলাকা থেকে প্রায় ৩ গ্রাম সোনা কুড়িয়ে পান। এরপর সেই সোনা বিক্রি করে তিনি প্রায় ৩৬,০০০ কেনিয়ান শিলিং (প্রায় ২৮০ ডলার) আয় করেন।
তার এই সোনার সন্ধান পাওয়ার খবর দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। এর পরেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোভনীয় এই সুযোগের খোঁজে চেপোরোর গ্রামে ভিড় জমাতে শুরু করেন মানুষ।
স্থানীয় প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী, পরিস্থিতির চরম অবনতি ঘটে যখন হঠাৎ করেই এই গ্রামে প্রায় ১০,০০০ মানুষের বিশাল জনস্রোত তৈরি হয়। তবে পরবর্তী সময়ে বেশিরভাগ মানুষই কোনো সোনা না পেয়ে হতাশ হয়ে ফিরে যাওয়ায়, বর্তমানে সেখানে জনসমাগম কমে প্রায় ২,৫০০ জনে দাঁড়িয়েছে।

