উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ বৃষ্টি বিঘ্নিত ম্যাচটি ছিল কেবলই নিয়মরক্ষার। কিন্তু বাংলাদেশ বনাম ভারতের সেই পরিত্যক্ত ম্যাচটি টিম ইন্ডিয়ার জন্য নিয়ে এল এক চরম দুঃসংবাদ। আগামী বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনাল মহারণের ঠিক আগে,আজকের ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে মারাত্মক গোড়ালির চোট নিয়ে মাঠ ছাড়লেন দলের নতুন ব্যাটিং সেনসেশন প্রতিকা রাওয়াল। বোর্ডের পক্ষ থেকে এখনও সরকারিভাবে কিছু না জানানো হলেও, চোটের ধরন দেখে বিশেষজ্ঞদের ধারণা— শক্তিশালী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নকআউট ম্যাচে প্রতিকাকে পাওয়া কার্যত অসম্ভব।
মুম্বইয়ের ভেজা আউটফিল্ডেই ঘটেছে এই বিপর্যয়। দীপ্তি শর্মার বলে মিড উইকেটে মারা শারমিনের শট তাড়া করতে গিয়ে পিচ্ছিল মাটিতে পা মচকে যায় প্রতিকার। সঙ্গে সঙ্গেই যন্ত্রণায় কাতরাতে থাকেন তিনি। অবস্থা এতটাই গুরুতর ছিল যে, তাঁকে সাপোর্ট স্টাফদের কাঁধে ভর করে মাঠ ছাড়তে হয়। বিসিসিআই কেবল জানিয়েছে, প্রতিকা পর্যবেক্ষণে আছেন। তবে, যে ওপেনার আগের ম্যাচেই শতরান হাঁকিয়ে স্মৃতির সঙ্গে জুটি জমাচ্ছিলেন, সেমিফাইনালের আগে তাঁর ছিটকে যাওয়াটা ভারতের কাছে নিঃসন্দেহে বড়সড় ধাক্কা।
প্রতিকার চোটের ফলে বাংলাদেশের বিরুদ্ধে ওপেন করতে নামেন আমনজ্যোৎ কৌর। যদিও বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হওয়ার আগে ভারত ৮.৪ ওভারে ৫৭/০ তুলে শক্তিশালী সূচনা করে (স্মৃতি মন্ধানা ৩৪, আমনজ্যোৎ ১৫)। কিন্তু সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিশ্বমানের বোলিং আক্রমণের সামনে টপ অর্ডারে এই অপ্রত্যাশিত রদবদল দলকে নিশ্চিতভাবেই চাপে ফেলবে।
বৃষ্টির কারণে প্রথমে ৪৩ এবং পরে ২৭ ওভারে নেমে আসা ম্যাচে, ভারত প্রথমে বল করে বাংলাদেশকে ১১৭/৯-এ বেঁধে রাখে। রাধা যাদব ৩ উইকেট নিয়ে সফলতম বোলার। কিন্তু এই খেলার ফলাফলের চেয়েও যেন অনেক বড় হয়ে উঠল প্রতিকার খেলা নিয়ে অনিশ্চয়তা।
হরমনপ্রীত কৌরের দল এখন কঠিন বাস্তবতার মুখোমুখি। একদিকে অস্ট্রেলিয়ার অপ্রতিরোধ্য ফর্ম, অন্যদিকে ভরসার ওপেনারকে হারানোর মানসিক ধাক্কা। বৃহস্পতিবারের চ্যালেঞ্জ মোকাবিলার আগে দ্রুত এই শূন্যস্থান পূরণের উপায় খুঁজে বের করাই এখন যে ভারতীয় টিম ম্যানেজমেন্টের প্রধান মাথাব্যথার কারণ হয়ে উঠেছে, সে কথা বলাই বাহুল্য।
