গাজোল: সকালের দিকে ভিড় কিছুটা কম থাকলেও বেলা যত বেড়েছে বিভিন্ন এলাকা থেকে আসা মানুষের ভিড়ে কার্যত জনসমুদ্রের চেহারা নিয়েছে গৌড়বঙ্গের অন্যতম পর্যটনকেন্দ্র আদিনা সহ সংলগ্ন এলাকা। ভিড় সামলাতে হিমসিম খেতে হয়েছে আদিনা ডিয়ার পার্কের (Adina Deer Park) বনকর্মীদের। দুপুরের মধ্যেই ৩০ হাজারের বেশি পর্যটক প্রবেশ করেছেন ভেতরে। কড়া নজরদারি ছিল পুলিশের। গাজোল থানার আইসি আশিস কুন্ডু নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন। হইহুল্লোড়, খাওয়া দাওয়া, বাঁধনহীন ঘোরাফেরা, সবমিলিয়ে নতুন বছরের আনন্দ এদিন বেশ ভালোভাবেই উপভোগ করলেন পর্যটক এবং পিকনিক করতে আসা মানুষেরা। গৌড়বঙ্গ ছাড়াও মুর্শিদাবাদ এমনকি দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে এদিন অনেক পর্যটক এসেছিলেন আদিনাতে। পর্যটকদের ভিড়ে স্বাভাবিকভাবে খুশি স্থানীয় দোকানদাররা। তাদের ‘বক্তব্য বেচাকেনা বেশ ভালোই হচ্ছে।’
মালদা (Malda) জেলার অন্যতম পর্যটনকেন্দ্র আদিনা। এখানকার বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন ছোট দরগা, বড় দরগা, ইকোপার্ক, আদিনা ফরেস্ট সব মিলিয়ে ঘোরার জায়গা রয়েছে প্রচুর। রয়েছে পিকনিক করার জায়গাও। তাই ২৫ ডিসেম্বর থেকে শুরু করে গোটা জানুয়ারি মাস পিকনিক পার্টি এবং পর্যটকদের ভিড়ে গমগম করতে থাকে গোটা এলাকা। সকাল থেকে বিভিন্ন গাড়িতে করে আসতে থাকে পিকনিক পার্টি। ফরেস্টের কাছেপিঠের জায়গা গুলিতে জমে উঠেছে পিকনিকের আসর। ডিয়ার পার্ক ছাড়াও প্রচুর মানুষের সমাগম হয়েছিল আদিনা মসজিদ এবং ইকো পার্কে।
গাজোল রেঞ্জের রেঞ্জার লতিব শেখ জানালেন, সকালের দিকে ভিড় একটু কম থাকলেও বেলা যত বেড়েছে ততই বেড়েছে পর্যটকদের সংখ্যা।পর্যটক এবং পিকনিক পার্টির জন্য পর্যাপ্ত পরিমাণ পানীয় জল এবং শৌচালয়ের ব্যবস্থা আমরা করেছি। এছাড়াও রয়েছে হুইল চেয়ার।ভিড়ের মোকাবিলা করতে বনদপ্তর এর বাড়তি কর্মী নিয়োগ করা হয়েছে। সাধারণ মানুষ যাতে অসুবিধায় না পড়েন তার জন্য প্রস্তুত বনদপ্তর। সব মিলিয়ে বছরের প্রথম দিন জমজমাট মালদা জেলার অন্যতম পর্যটন স্থল আদিনা এবং সংলগ্ন এলাকা।
