কিশনগঞ্জ: নতুন বছরের উদ্যাপনের আগেই মাদক কারবারিদের বড়সড় ছক বানচাল করল বিহারের আরারিয়া (Araria Police Station) জেলার পুলিশ। শুক্রবার সন্ধ্যায় ৩২৭ ই জাতীয় সড়কের কাকন চক এলাকায় অভিযান চালিয়ে একটি পিকআপ ভ্যান থেকে প্রায় ২৮০ কেজি উন্নতমানের গাঁজা উদ্ধার (Ganja Smuggling) করেছে জৌকীহাট থানার পুলিশ। এই ঘটনায় উত্তরপ্রদেশের দুই মাদক পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
গোপন চেম্বারে পাচারের ছক: পুলিশ সূত্রে জানা গিয়েছে, মাদক পাচারের জন্য পিকআপ ভ্যানটিতে অত্যন্ত চতুরতার সঙ্গে একটি গোপন চেম্বার বা কুঠুরি তৈরি করা হয়েছিল। ভ্যানের নিচের অংশে তৈরি সেই গোপন কুঠুরিতেই থরে থরে সাজানো ছিল গাঁজার প্যাকেটগুলো। জৌকীহাট থানার পুলিশ ৩২৭ ই জাতীয় সড়কে নাকা চেকিং চালানোর সময় সন্দেহভাজন ওই পিকআপ ভ্যানটিকে আটক করে। তল্লাশি চালাতেই বেরিয়ে আসে বিপুল পরিমাণ এই মাদক।
মাদকের উৎস ও বাজারমূল্য: শনিবার আরারিয়ার পুলিশ সুপার অঞ্জনি কুমার জানান, বাজেয়াপ্ত হওয়া এই গাঁজার আনুমানিক বাজারমূল্য ৪২ লক্ষ টাকারও বেশি। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, এই বিপুল পরিমাণ গাঁজা উত্তর-পূর্ব ভারত (নর্থ ইস্ট) থেকে উত্তরপ্রদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। তদন্তের স্বার্থে ধৃতদের নাম এখনই প্রকাশ করতে চায়নি পুলিশ। তবে এই চক্রের ‘ব্যাকওয়ার্ড’ ও ‘ফরওয়ার্ড’ লিঙ্ক অর্থাৎ এই মাদক কোথায় যাচ্ছিল এবং কারা এর মূল পাণ্ডা, তা খুঁজে বের করতে বিশেষ তদন্ত শুরু হয়েছে।
আদালতের নির্দেশ: গ্রেপ্তার হওয়া দুই পাচারকারীকে শনিবার আরারিয়া আদালতে তোলা হলে বিচারক তাদের ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে জেল পাঠানোর নির্দেশ দিয়েছেন। বর্ষবরণের আগে নেপাল সীমান্ত সংলগ্ন এই এলাকায় পুলিশের এমন তৎপরতায় মাদক পাচারকারীদের নেটওয়ার্কে বড় ধাক্কা লাগল বলেই মনে করা হচ্ছে।
