Gangsters Arrested In US | আমেরিকায় বড় সাফল্য: গ্যাংস্টার হিমাংশু ভাউ ও নীরজ ফরিদপুরিয়াকে পাকড়াও করল মার্কিন অভিবাসন এজেন্সি

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ভারতের মোস্ট ওয়ান্টেড দুই গ্যাংস্টার হিমাংশু ভাউ ও নীরজ ফরিদপুরিয়াকে (Gangsters Arrested In US) মার্কিন যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার করা হয়েছে। হরিয়ানা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের (এসটিএফ) (STF) সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গত ২২ অক্টোবর আমেরিকার লাস ভেগাস শহর থেকে এই দুই অপরাধীকে একসঙ্গে কাবু করে মার্কিন অভিবাসন ও শুল্ক এনফোর্সমেন্ট এজেন্সি (আইসিই) (ICE)। হরিয়ানা এসটিএফ বর্তমানে যুক্তরাষ্ট্র ও দেশের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলির সঙ্গে নিরবচ্ছিন্ন যোগাযোগ বজায় রেখে অভিযুক্তদের ভারতে ফিরিয়ে আনার প্রক্রিয়া ত্বরান্বিত করছে।

জেলবন্দী গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিত হিমাংশু ভাউয়ের বিরুদ্ধে হরিয়ানা, দিল্লি ও উত্তরপ্রদেশ জুড়ে খুন, অপহরণ এবং চাঁদাবাজির মতো একাধিক গুরুতর অপরাধের মামলা ঝুলে রয়েছে। দিল্লি ও হরিয়ানা পুলিশের মোস্ট ওয়ান্টেড তালিকায় থাকা এই কুখ্যাত অপরাধীর বিরুদ্ধে ইন্টারপোলের নোটিশও জারি করা ছিল। পুলিশি সূত্রে জানা গেছে, দেশ ছাড়ার আগে ভাউ জালিয়াতির মাধ্যমে একটি পাসপোর্ট বানিয়েছিল। পাশাপাশি, পর্তুগালে তার অপরাধ চক্র পরিচালনা এবং নীরজ বাওয়ানা ও নবীন বালির গ্যাংয়ের সঙ্গে তার যোগাযোগের বিষয়গুলিও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

অন্যদিকে, হরিয়ানার পলওয়াল জেলার বাসিন্দা নীরজ ফরিদপুরিয়ার বিরুদ্ধে ২৫টিরও বেশি ফৌজদারি মামলা রয়েছে। ২০১২ সালে একটি এনকাউন্টারের পর হরিয়ানা পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল এবং ২০১৫ সালের একটি হত্যা মামলায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। তবে ২০১৯ সালে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট তাকে জামিন দেয়। এরপর ওই বছরের ২৬ জুন ফরিদাবাদে কংগ্রেসের রাজ্য মুখপাত্র বিকাশ চৌধুরী হত্যা মামলায় তার নাম জড়িয়ে পড়ে। ঘটনার পর সে দুবাই হয়ে কানাডায় পালিয়ে যায় বলে অভিযোগ। পরবর্তীতে কানাডায় লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের প্রধান প্রতিদ্বন্দ্বী বাম্বিহা গ্যাংয়ের দায়িত্ব নেয় সে।

পরবর্তী সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রে চলে গিয়ে হিমাংশু ভাউ গ্যাংয়ের সঙ্গে হাত মিলিয়ে কাজ শুরু করে নীরজ। ইউটিউবার এলভিশ যাদবের বাড়ির বাইরে ঘটা গোলাগুলির ঘটনার দায়ও সে স্বীকার করেছিল। এদিকে, দিল্লি-এনসিআর অঞ্চলে বেশ কয়েকটি চাঞ্চল্যকর খুন ও গুলির ঘটনার সঙ্গে হিমাংশু ভাউ গ্যাংয়ের যোগসূত্র খতিয়ে দেখছে পুলিশ। গত সেপ্টেম্বর মাসে দক্ষিণ দিল্লির অয়া নগর এলাকায় বিজয় কুমার নামের এক জিম ট্রেইনার-কে গুলি করে হত্যার ঘটনা ঘটে। পুলিশ ঘটনার তদন্তে নেমে সামাজিক মাধ্যমে ভাউয়ের নামে আসা একটি দায়িত্ব স্বীকারের পোস্ট এবং স্থানীয় শত্রুতার দিকটি খতিয়ে দেখছে।
পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, ঘটনার দিন জিমের ভেতরে থাকা বিজয়কে বাইরে ডেকে আনা হয় এবং দক্ষিণ দিল্লির মেহরাউলি-বদরপুর রোডের কাছে হানসা চৌকের নিকট দুই বাইকচালক হামলাকারী এলোপাথাড়ি গুলি চালায়। প্রায় ১০টার দিকে ১৫ রাউন্ডের মতো গুলি চালানো হয় বলে খবর। দক্ষিণ দিল্লির উপ-পুলিশ কমিশনার অনন্ত মিত্তাল জানান, একাধিক গুলিবিদ্ধ হয়ে বিজয় ঘটনাস্থলেই মারা যান। এই ঘটনায় মামলা রুজু করে পলাতক অভিযুক্তদের ধরতে একাধিক দল গঠন করা হয়েছিল। পরবর্তীতে ভাউয়ের নামে সামাজিক মাধ্যমে পোস্ট করে বলা হয়, “ভাঙ্গা সে কাম নাহি চলেগা ফিল্ড মে আও। ভাঙ্গা নাহি দুঙ্গা কিসি কো।”

এর আগে চলতি বছরের শুরুতে অয়া নগর এলাকায় নিজ বাড়ির কাছে ব্যবসায়ী রতন লোহিয়াকে গুলি করে খুন করা হয়।  ইতোমধ্যে রতন লোহিয়া হত্যাকাণ্ডে হিমাংশু ভাউ গ্যাংয়ের চার সন্দেহভাজন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *