গঙ্গারামপুর: নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতেই দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে। সিপিআইএম-এর তরফে প্রার্থী হিসেবে বিপ্লব বর্মনের নাম ঘোষণা হতেই এলাকায় কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উন্মাদনা লক্ষ্য করা গেল। সোমবার সন্ধ্যায় প্রার্থীকে সঙ্গে নিয়ে এক বিশাল মিছিলে শক্তি প্রদর্শন করল সিপিআইএম।
শহরময় মিছিল ও লাল আবির
এদিন গঙ্গারামপুর শহরের প্রধান রাস্তাগুলো পরিক্রমা করে বামেদের এই মিছিল। মিছিলে বিপুল সংখ্যক বাম কর্মী ও সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মিছিল শেষে দলীয় কার্যালয়ে পৌঁছালে প্রার্থী বিপ্লব বর্মনকে পুষ্পস্তবক দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান স্থানীয় নেতৃত্ব।
দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের ডাক
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সিপিআইএম প্রার্থী বিপ্লব বর্মন স্পষ্ট জানান তাদের নির্বাচনী কৌশলের কথা। তিনি বলেন, “রাজ্যজুড়ে যে দুর্নীতি চলছে তার বিরুদ্ধে সোচ্চার হয়েই আমরা নির্বাচনে লড়াই করব। মানুষের স্বার্থ রক্ষাই আমাদের মূল লক্ষ্য। আশা করছি সাধারণ মানুষ আমাদের সাদরে গ্রহণ করবেন এবং আমরা নির্বাচনে জয়লাভ করতে পারব।”
