গঙ্গারামপুর: পুনর্ভবা নদীতে স্নান করতে গিয়ে বড়সড়ো অঘটন। জলে ডুবে মৃত্যু হল এক নাবালকের (Drowning incident)। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার ইন্দ্রনারায়নপুর এলাকায় (Gangarampur)।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই নাবালকের নাম আয়ুষ ঘোষ (১০)। বাড়ি গঙ্গারামপুর শহরের ডাকবাংলোপাড়া এলাকায়। শনিবার এলাকার ৩ বন্ধুর সঙ্গে ইন্দ্রনারায়ণপুর এলাকার পুনর্ভবা নদীতে (Punarbhaba River) স্নান করতে গিয়েছিল আয়ুষ। বেশ কিছুক্ষণ স্নান করার পর হঠাৎই জলে ডুবে যায় আয়ুষ। বিষয়টি দেখার সঙ্গে সঙ্গে নদী থেকে উঠে পরিবারের লোকজনদের ডাকতে চলে যায় বাকি বন্ধুরা ।
ঘটনার খবর পেয়ে পরিবারের লোকজনরা ছুটে আসার পাশাপাশি এলাকাবাসীরা আয়ুষকে নদীতে খোঁজাখুঁজি শুরু করে। খবর দেওয়ার পর ঘটনাস্থলে আসে পুলিশো। এরপর মৎস্যজীবীদের নদীতে নামিয়ে কয়েক ঘণ্টা খোঁজাখুঁজির পর উদ্ধার হয় আয়ুষের দেহ। এরপর তড়িঘড়ি তাকে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন । এমন ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়। রবিবার আয়ুষের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

