উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ফ্রান্সে আয়োজিত জি-৭ শীর্ষ সম্মেলনের (G7 Summit) আউটরিচ অধিবেশনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) উপস্থিতিতেই ভারতীয় নাবিকদের নিরাপত্তার বিষয়টি অত্যন্ত জোরালোভাবে উত্থাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক সংঘাতের জেরে মার্কিন সামরিক হামলায় বেশ কয়েকজন ভারতীয় নাবিকের মৃত্যু হয়েছে। এই ঘটনার প্রেক্ষিতেই বিশ্বমঞ্চে সুর চড়িয়েছেন প্রধানমন্ত্রী। মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের ঠিক আগে মোদির এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে কূটনৈতিক মহল।
বিশেষ অধিবেশনে বক্তব্য রাখার সময় প্রধানমন্ত্রী বলেন, ‘পশ্চিম এশিয়ায় শান্তি প্রচেষ্টায় যে অগ্রগতি হয়েছে, আমরা তাকে স্বাগত জানাই। এই সংঘাত এই অঞ্চলের আমাদের মিত্র দেশগুলোতে জীবন ও সম্পত্তির ক্ষতি করেছে। হরমুজ প্রণালীর মাধ্যমে সামুদ্রিক বাণিজ্যে বিঘ্ন ঘটায় বিশ্ব অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশ কয়েকজন ভারতীয় বেসামরিক নাগরিকও প্রাণ হারিয়েছেন।’
প্রসঙ্গত, সম্প্রতি ওমান উপসাগরে মার্কিন বাহিনী ‘সেট্টেবেল্লো’ সহ তিনটি জাহাজে হামলা চালায়, যাতে তিন ভারতীয় নাবিকের মৃত্যু হয়। মার্কিন সেন্টকমের দাবি ছিল, ওই জাহাজগুলি ইরানের ওপর জারি করা মার্কিন নিষেধাজ্ঞা লঙ্ঘন করেছিল। এই ঘটনার পরিপ্রেক্ষিতেই সামুদ্রিক রুটের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘বিশ্ব বাণিজ্য সচল রাখা নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করা আন্তর্জাতিক সম্প্রদায়ের যৌথ দায়িত্ব। সমুদ্রপথ যাতে সম্পূর্ণ নিরাপদ থাকে এবং নাবিকরা ভয়হীনভাবে কাজ করতে পারেন, তা নিশ্চিত করতে হবে।’
একই সঙ্গে আন্তর্জাতিক কূটনীতি নিয়েও বড় বার্তা দেন মোদি। তিনি স্পষ্ট জানান যে, গ্লোবাল সাউথের দেশগুলি আর কোনও অনুদান বা দাতা-গ্রহীতার মানসিকতায় বিশ্বাসী নয়, তারা বিশ্ব উন্নয়নে সমান মর্যাদার অংশীদার হতে চায়। তিনি আক্ষেপ প্রকাশ করে বলেন, ‘বর্তমানে বিশ্বে সম্পদের চেয়েও বেশি বিশ্বাসের অভাব রয়েছে, অথচ এই পারস্পরিক বিশ্বাসই এখন সবচেয়ে বড় কৌশলগত সম্পদ।’ ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ-র আমন্ত্রণে ভারত এই সম্মেলনে যোগ দিয়েছে, যা প্রধানমন্ত্রী মোদির টানা সপ্তম জি-৭ উপস্থিতি।

