উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: সারা দেশের সঙ্গে ১ জুলাই অর্থাৎ বুধবার থেকে বাংলাতেও চালু হচ্ছে কেন্দ্রের নতুন গ্রামীণ কর্মসংস্থান প্রকল্প ‘ভিবি জি রাম জি’ (বিকশিত ভারত গ্রামীণ রোজগার অভিযান) (G Ram G act)। মঙ্গলবার রাজ্য পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের তরফে সরকারি বিজ্ঞপ্তি জারি করে এই প্রকল্পের আনুষ্ঠানিক সূচনার কথা ঘোষণা করা হয়েছে। বুধবার থেকেই রাজ্যজুড়ে কার্যকর হবে এই নতুন কর্মসংস্থান প্রকল্প।
প্রস্তাবিত বিলে কাজের পরিমাণ ১০০ দিন থেকে বাড়িয়ে ১২৫ দিন করার প্রস্তাব দেওয়া হয়েছে। যদিও এই প্রকল্পের আর্থিক কাঠামোর পরিবর্তন নিয়ে রাজনৈতিক বিতর্ক চরমে। নতুন নিয়মে কেন্দ্রীয় বরাদ্দের হার ৯০ শতাংশ থেকে কমিয়ে ৬০ শতাংশ করা হয়েছে এবং বাকি ৪০ শতাংশ খরচ বহন করতে হবে রাজ্য সরকারকে। বিরোধীদের তীব্র আপত্তি সত্ত্বেও সংসদে পাশ হওয়া এই বিল রাজ্যে কার্যকর হতে আর কোনো বাধা রইল না।
রাজ্য সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, এই প্রকল্পের আওতায় রাজ্যের প্রায় ২.৫৬ কোটি জব কার্ড হোল্ডার সরাসরি সুবিধা পাবেন। প্রথম অর্থবর্ষে এই প্রকল্পে মোট ১৪,১৮০ কোটি টাকা ব্যয় হবে, যার মধ্যে কেন্দ্র দিচ্ছে ৮,৫০৮ কোটি টাকা এবং রাজ্যের খরচ ৫,৬৭২ কোটি টাকা। এই বরাদ্দের ৬০ শতাংশ ব্যয় হবে সরাসরি কর্মীদের পারিশ্রমিক বা মজুরি প্রদানের জন্য, এবং বাকি ৪০ শতাংশ খরচ করা হবে কাজের প্রয়োজনীয় উপকরণ সংগ্রহের কাজে।
পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ (Dilip Ghosh) আগেই জানিয়েছেন, প্রকল্প বাস্তবায়নের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন। তবে, একটি বড় অংশের মানুষ এই প্রকল্পের সুবিধার বাইরে থাকতে পারেন। বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে বাদ পড়া প্রায় ২৭ লক্ষ মানুষ আপাতত এই প্রকল্পের সুবিধা পাবেন না। পরিচয়পত্র ও নথিপত্র যাচাইয়ের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের কড়াকড়ির কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
অন্যদিকে, দীর্ঘদিনের বকেয়া পাওনা নিয়ে কেন্দ্র ইতিবাচক বার্তা দিয়েছে বলে সোমবারই জানিয়েছেন সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী। সব মিলিয়ে ‘জি রাম জি’ প্রকল্প চালুর মাধ্যমে রাজ্যের গ্রামীণ কর্মসংস্থান ব্যবস্থায় এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে, যা নিয়ে সাধারণ মানুষের মধ্যে যেমন প্রত্যাশা রয়েছে, তেমনই রয়েছে প্রকল্পের সফল রূপায়ন নিয়ে রাজনৈতিক চর্চাও।

