উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: প্রায় আটদিন অতিক্রান্ত। এখনও সম্পূর্ণ স্বাভাবিক হয়নি ইন্ডিগোর উড়ান পরিষেবা (IndiGo flight disaster)। এর জেরে যাত্রীদের ভোগান্তি চরমে। তবে এসবের মাঝেই ইঙ্গিতপূর্ণ বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। তিনি জানিয়েছেন, সরকারের নিয়মকানুনের জন্য যাতে জনসাধারণের হয়রানির না হয় তা নিশ্চিত করতে হবে।
মঙ্গলবার এনডিএ-র সাংসদদের বৈঠকে প্রধানমন্ত্রীর এই বার্তার কথা জানিয়েছেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। তিনি বলেন, ‘সরকারের কারণে জনগণ যাতে কোনও সমস্যার সম্মুখীন না হয় তা নিশ্চিত করুন। নিয়মকানুন ভালো, তবে সেগুলি জনসাধারণকে হয়রানি না করার জন্য তৈরি করা উচিত।’ এরপরই তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী মোদি খুব স্পষ্ট ভাষায় বলেছেন, এমন কোনও আইন বা নিয়ম থাকা উচিত নয় যার জন্য সাধারণ মানুষকে হেনস্তার শিকার হতে হয়। এমনটা হওয়া উচিত নয়। আইন জনগণের উপর বোঝা হওয়া উচিত নয়, বরং এটি তাঁদের সুবিধার জন্য।’
এদিকে, ইন্ডিগোর পরিষেবা দ্রুত স্বাভাবিক করার নির্দেশ আগেই দিয়েছিল কেন্দ্র। কেন্দ্রীয় বিমান পরিবহণমন্ত্রী রামমোহন নায়ডু স্পষ্ট জানিয়েছিলেন, এই বিপর্যয়ের জন্য দায়ীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। ইন্ডিগোর পরিষেবায় কাটছাঁট করা হতে পার, এমন আভাস পাওয়া গিয়েছিল আগেই। শোনা যাচ্ছিল, ইন্ডিগোর শীতকালীন বিমানসূচি কমানো হবে। আর সেই মতোই মঙ্গলবার ইন্ডিগোর পাঁচ শতাংশ পরিষেবা কমিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে ডিজিসিএ। বুধবার বিকেল ৫টার মধ্যে নতুন সূচি প্রকাশের সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে ইন্ডিগোকে।
