উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ আমেরিকার ফ্লরিডায় এক ভয়াবহ বিমান দুর্ঘটনায় পাইলটসহ মোট ৯ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে (Florida Airplane Crash)। রবিবার স্থানীয় সময় দুপুর ১২টা ৫০ মিনিট নাগাদ দক্ষিণ ফ্লরিডার পাম বিচ কাউন্টির ওপর এই দুর্ঘটনাটি ঘটে। টেক্সাসের অস্টিন-বার্গস্ট্রাম আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের বাহামাসের উদ্দেশে রওনা দেওয়া একটি ছোট আকারের বাণিজ্যিক জেট মাঝ-আকাশে নিয়ন্ত্রণ হারিয়ে লোকালয়ের রাস্তায় আছড়ে পড়ে বিস্ফোরিত হয়।
বিমানসংস্থা সূত্রে খবর, ৩৫ হাজার ফুট উঁচুতে ওড়ার সময় হঠাৎই বিমানটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। পাইলট জানান যে বরফ জমে যাওয়ার কারণে সমস্যা হচ্ছে এবং তিনি বিমানটিকে আরও দু’হাজার ফুট উপরে নিয়ে যাওয়ার অনুমতি চান। কিন্তু এর পরেই বিমানটি ধারাবাহিক ও অস্বাভাবিকভাবে নীচের দিকে নামতে শুরু করে।
প্রত্যক্ষদর্শীদের করা ভিডিও এবং তথ্য অনুযায়ী, ৩৫ হাজার ফুট থেকে খাড়াভাবে নামার সময় প্রথম দিকে বিমানের গতি ছিল প্রতি মিনিটে ১০ হাজার ফুট। পরবর্তীতে তা বেড়ে মিনিটে ২০ হাজার ও ৩০ হাজার ফুটে পৌঁছায়। তিরের ফলার মতো খাড়াভাবে মুখ থুবড়ে সেটি রাস্তার ওপর আছড়ে পড়ে।
এয়ার ট্রাফিক কন্ট্রোলে পাঠানো শেষ বার্তায় পাইলটকে বলতে শোনা যায়, ‘‘আমরা নামছি। মে ডে, মে ডে! আমরা ১০ হাজার ফুট প্রতি মিনিট গতিতে নীচের দিকে নামছি। একেবারে রাস্তায় গিয়ে আছাড় খেতে চলেছে আমাদের বিমান।’’ এরপরই সব যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং কয়েক সেকেন্ডের মধ্যে বিমানটি আগুনের গোলায় পরিণত হয়।
যে স্থানে বিমানটি পড়েছে, তার ঠিক কয়েক হাত দূরেই রয়েছে বেশ কিছু বসতবাড়ি এবং পাশেই অবিরাম গাড়ি চলাচল করছিল। বিমানটি আর একটু এদিক-ওদিক পড়লে কোনো বাড়ি বা চলন্ত গাড়ির সঙ্গে ধাক্কা লেগে আরও বড় ধরনের প্রাণহানি ঘটতে পারত। রাস্তার ওপর বিমানটি আছড়ে পড়ার ফলে সেখানে একটি বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে আমেরিকার ‘ফেডেরাল অ্যাভিয়েশন অ্যাডমিনস্ট্রেশন’ (FAA) এবং ‘ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফ্টি বোর্ড’ (NTSB)। আমেরিকার পরিবহণ সচিব সিন ডাফি এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।

