বহরমপুর: পুলিশের কাছে খবর ছিল মুর্শিদাবাদের ডোমকল, বেলডাঙা সহ একাধিক জায়গায় মজুত করা হয়েছে আগ্নেয়াস্ত্র। আর এই মজুত করা অস্ত্র উদ্ধার করতে তৎপরতা শুরু করে মুর্শিদাবাদ জেলা পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে রবিবার জেলা পুলিশের একটি দল দিনভর অভিযান চালায় ডোমকল, বেলডাঙা সহ একাধিক জায়গায়। অভিযান চালিয়ে তহিদুল মণ্ডল নামে এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর হেপাজত থেকে উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র। তহিদুলকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে ডোমকলের উহাব শেখের বাড়িতে মজুত আছে আগ্নেয়াস্ত্র। সেই খবর পেয়ে পুলিশ হানা দিয়ে উহাবের বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার করে উদ্ধার করে ৩ রাউন্ড কার্তুজ সহ আগ্নেয়াস্ত্র।
এদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ খোঁজ পায় অস্ত্র কারবারের মূল পান্ডা কাজল শেখের। অভিযান চালিয়ে বহরমপুর মহকুমার অন্তর্গত বেলডাঙার বাসিন্দা কাজল শেখকে গ্রেপ্তার করে পুলিশ। কাজলের হেপাজত থেকে উদ্ধার হয় ৫টি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র বিপুল সংখ্যক কার্তুজ। পুলিশ জানিয়েছে, ধৃত কাজল শেখ দীর্ঘদিন ধরে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ ব্যবসার সঙ্গে জড়িত। শুরু হয়েছে জেরা।
মুর্শিদাবাদে যেকোনও রকমের নাশকতামূলক কাজ বন্ধ করতে বদ্ধপরিকর পুলিশ ও গোয়েন্দা বিভাগ। সেইমতো জেলার স্পর্শকাতর ডোমকল ও বেলডাঙা সহ একাধিক এলাকায় আগ্নেয়াস্ত্র মজুতের পরিকল্পনা ভেস্তে দিল মুর্শিদাবাদ জেলা পুলিশ
