উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কালীপুজোর সময় বাচ্চা থেকে শুরু করে বড়রা, সকলেই বাজি পোড়ান। আর এই বাজি পোড়ানোর সময় সতর্কতা অবলম্বন খুবই জরুরি। একটু অন্যমনস্ক হলেই ঘটে যেতে পারে দুর্ঘটনা। তাই যদি অসাবধানতাবশত বাজি পোড়াতে গিয়ে হাত-পা পুড়ে যায় তাহলে কী করবেন? তা জেনে নিন (Firecracker Accidents)।
১. ত্বকের ছোট অংশ পুড়ে গেলে বাড়িতেই চিকিৎসা করা সম্ভব। এক্ষেত্রে প্রথমেই জল দিয়ে পোড়া জায়গাটা ভালো করে ধুয়ে নিন। জ্বালাভাব কমাতে পোড়া জায়গাটা কিছুক্ষণ ঠান্ডা জলের তলায় রাখতে পারেন। তারপর পোড়া অংশে সিলভার নাইট্রেট জাতীয় অয়েন্টমেন্ট লাগিয়ে নিন। চাইলে পোড়া জায়গায় গজ দিয়ে বেঁধে রাখতে পারেন।
২. বাজির ফুলকি চোখে ঢুকে গেলে বিপদের শেষ থাকবে না। তাছাড়া বাজির ধোঁয়ায় মারাত্মক চোখ জ্বালা করে। অনেক সময়ে চোখ দিয়ে অনবরত জল পড়তে থাকে। এমন কোনও পরিস্থিতির মুখোমুখি হলে রোগীকে অবশ্যই নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান। দেরি হলে রোগী দৃষ্টিশক্তিও হারাতে পারে।
৩. অনেকের ধারণা বাজি পোড়াতে গিয়ে হাত-পা পুড়ে গেলে সেই পোড়া অংশে টুথপেস্ট লাগালে জ্বালাভাব কমে যায়। কিন্তু এতে উলটে ইনফেকশনের ঝুঁকি বাড়ে। তাই পোড়া অংশে টুথপেস্ট লাগানোর বদলে অ্যান্টিবায়োটিক অয়েন্টমেন্ট ব্যবহার করুন।
৪. ত্বকের বড় অংশ কিংবা মুখের কোনও অংশ পুড়ে গেলে তা বাড়িতে চিকিৎসা করা সম্ভব নয়। ওই মুহূর্তে ঠান্ডা জলের ঝাপটা দিলেও যত দ্রুত সম্ভব চিকিৎসকের কাছে নিয়ে যান। বাচ্চাদের কোনওভাবেই বাড়িতে রেখে চিকিৎসা করবেন না।
