উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সুশান্ত ঘোষ ও তন্ময় ভট্টাচার্যের পর এবার নারীঘটিত বিতর্কে নাম জড়াল সিপিএম ঘনিষ্ঠ আইনজীবী ফিরদৌস শামিমের (Firdous Samim)। নিজের জুনিয়র মহিলা আইনজীবীকে শ্লীলতাহানি ও যৌন হেনস্থা (Sexual Harassment Case) করার অভিযোগে তাঁর বিরুদ্ধে মধ্য কলকাতার হেয়ার স্ট্রিট থানায় (Hair Road Police Station) মামলা দায়ের করা হয়েছে।
নির্যাতিতা মহিলা আইনজীবীর অভিযোগ অনুযায়ী, গত বছর তিনি ফিরদৌস শামিমের জুনিয়র হিসেবে তাঁর চেম্বারে যোগ দিয়েছিলেন। অভিযোগ, নিজের চেম্বারেই ফিরদৌস শামিম তাঁর শ্লীলতাহানি করেন এবং নানাভাবে যৌন হেনস্থা করেন। পুলিশের কাছে আসার আগে ওই মহিলা আইনজীবী আলিমুদ্দিন স্ট্রিটেও (সিপিএম রাজ্য সদর দপ্তর) ফিরদৌস শামিমের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন।
বৃহস্পতিবার ডিসি (সেন্ট্রাল) ইন্দিরা মুখোপাধ্যায় জানান, ওই মহিলা আইনজীবী ইমেলের মাধ্যমে প্রথমে অভিযোগ জানান। এরপর বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি এক সহকর্মীকে নিয়ে থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ ভারতীয় ন্যায় সংহিতার নিম্নলিখিত ধারায় মামলা রুজু করেছে: ৭৪ ও ৭৫: শ্লীলতাহানি ও যৌন হেনস্থা। ৭৯: কুরুচিকর মন্তব্য ও অশ্লীল আচরণ। ১২৬(২) ও ৩৫১(২): অন্যায়ভাবে আটকে রাখা ও অপরাধমূলক ভীতি প্রদর্শন।
ফিরদৌস শামিম রাজ্য রাজনীতির একাধিক হাই-প্রোফাইল মামলায় বামেদের হয়ে সওয়াল করে নজর কেড়েছিলেন। লোকসভা ভোটের মুখে দলের ঘনিষ্ঠ আইনজীবীর বিরুদ্ধে এহেন অভিযোগে স্বভাবতই চরম অস্বস্তিতে পড়েছে আলিমুদ্দিন স্ট্রিট। যদিও এই বিষয়ে ফিরদৌস শামিমের প্রতিক্রিয়া জানতে তাঁকে ফোন করা হলে তিনি ফোন ধরেননি।
পুলিশ জানিয়েছে, অভিযোগের গুরুত্ব বিচার করে ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং নির্যাতিতার জবানবন্দি নেওয়ার প্রক্রিয়া চলছে।
