উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ বর্তমানে সোনার দাম আকাশছোঁয়া। মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যাওয়া হলুদ ধাতুর ঝলকানি এখন সর্বত্র। এই পরিস্থিতিতে ফুটবলপ্রেমীদের একাংশের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে ফুটবল বিশ্বকাপের ট্রফির বর্তমান বাজার মূল্য নিয়ে (FIFA World Cup Trophy)। ইতিহাস ও ঐতিহ্যে মোড়া এই ট্রফিটি যে কেবল আবেগের প্রতীক নয়, আর্থিক মূল্যের দিক থেকেও অত্যন্ত মূল্যবান, তা বলাই বাহুল্য।
বিশ্বকাপের এই ট্রফিটির মোট ওজন ৬.১ কেজি। ৩৭ সেন্টিমিটার উচ্চতা এবং ১৩ সেন্টিমিটার ব্যাসের এই ট্রফিটি তৈরিতে ৬,১৭৫ গ্রাম ১৮ ক্যারেট সোনা ব্যবহৃত হয়েছে। যদিও ট্রফিটির ভিতরটা ফাঁপা, তবুও এর ওজন ও নকশা অত্যন্ত নিখুঁত। ট্রফির নিচের অংশে দুটি মূল্যবান ম্যালাকাইটের বৃত্ত বসানো রয়েছে, যা এর শোভা বাড়িয়ে দেয় বহুগুণ।
বিভিন্ন তথ্য অনুযায়ী, ট্রফিতে ব্যবহৃত সোনা ও অন্যান্য উপাদানের বর্তমান বাজার মূল্য প্রায় ২ লক্ষ ৫০ হাজার মার্কিন ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ২ কোটি ৩৭ লক্ষ টাকার কাছাকাছি। তবে বিশেষজ্ঞ মহলের মতে, ট্রফিটির নকশা, নির্মাণশৈলী এবং বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সম্মান হিসেবে এর ঐতিহাসিক গুরুত্ব বিবেচনা করলে এর দাম সাধারণ বাজার মূল্যের তুলনায় কয়েক গুণ বেশি।
১৯৭০ সালে ব্রাজিল তৃতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার পর ‘জুলে রিমে কাপ’ পাকাপাকিভাবে তাদের হাতে তুলে দেওয়া হয়। এরপর ফিফা নতুন করে বিশ্বকাপের বর্তমান ট্রফিটি তৈরির উদ্যোগ নেয়। ইতালির শিল্পী সিলভিও গাজানিগা এই ট্রফির নকশা করেছিলেন, যা আজও বিশ্ব ফুটবলের সবচেয়ে কাঙ্ক্ষিত ট্রফি হিসেবে বিবেচিত হয়। তবে এই ট্রফি কোনো দেশকেই পাকাপাকিভাবে দেওয়া হয় না, বরং চ্যাম্পিয়নদের হাতে তা সাময়িকভাবে তুলে দেওয়া হয়। ফুটবলপ্রেমীদের কাছে এই ট্রফির প্রতিটি অংশ যেন ইতিহাসের একটি অমূল্য দলিল।
