FIFA World Cup 2026 | রোনাল্ডোর বিশ্বরেকর্ডে ভাগ বসালেন মেসি, ট্রফি ধরে রাখার লড়াইয়ে স্কালোনির ২৬ সদস্যের ‘ব্রিগেড’

FIFA World Cup 2026 | রোনাল্ডোর বিশ্বরেকর্ডে ভাগ বসালেন মেসি, ট্রফি ধরে রাখার লড়াইয়ে স্কালোনির ২৬ সদস্যের ‘ব্রিগেড’

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বিশ্বকাপ ধরে রাখার লড়াইয়ে নামছে আর্জেন্টিনা (Argentina)। আর সেই মহাযজ্ঞের মঞ্চে আবারও আর্জেন্টিনার আকাশী-সাদা জার্সিতে নেতৃত্ব দিতে দেখা যাবে লিওনেল মেসিকে। আগামী ২০২৬ ফুটবল বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছেন কোচ লিওনেল স্কালোনি। আর এই দল ঘোষণার সাথেই নিশ্চিত হয়ে গেল ৩৮ বছর বয়সে দাঁড়িয়ে রেকর্ড গড়া টানা ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নামছেন এলএম টেন (LM10)। এর আগে পর্তুগাল দল ঘোষণা করায় টানা ছয়টি বিশ্বকাপ খেলার বিশ্বরেকর্ড গড়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, এবার সিআর সেভেনের (CR7) সেই অনন্য নজির ছুঁয়ে ফেললেন লিও মেসিও।

গত কয়েকদিন ধরে ইন্টার মায়ামির হয়ে খেলার সময় মেসির বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে টান লাগায় তাঁর বিশ্বকাপ খেলা নিয়ে ফুটবল বিশ্বে কিছুটা জল্পনা তৈরি হয়েছিল। গত ২৪ মে ফিলাডেলফিয়া ইউনিয়নের বিরুদ্ধে মাত্র ১৮ মিনিট খেলেই মাঠ ছাড়তে হয়েছিল তাঁকে। তবে আর্জেন্টিনা সমর্থকদের আশ্বস্ত করে কোচ লিওনেল স্কালোনি আগেই জানিয়েছিলেন, চোট গুরুতর নয়। দল ঘোষণার পর স্পষ্ট হয়ে গেল, বিশ্বকাপের আগেই সম্পূর্ণ ফিট হয়ে উঠবেন অধিনায়ক। চার বছর আগে কাতারে যাঁর হাত ধরে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা, এবারও তাঁকে ঘিরেই স্বপ্ন বুনছে লাতিন আমেরিকার দেশটি।

কোচ স্কালোনি এবার খুব বেশি পরীক্ষানিরীক্ষার পথে হাঁটেননি। কাতার বিশ্বকাপজয়ী দলের ১৭ জন ফুটবলারকে ধরে রাখা হয়েছে এই স্কোয়াডে। চোট সারিয়ে রক্ষণভাগে ফিরেছেন নির্ভরযোগ্য ডিফেন্ডার ক্রিস্তিয়ান রোমেরো। পাশাপাশি কাতার বিশ্বকাপে চোটের জন্য ছিটকে যাওয়া অভিজ্ঞ মিডফিল্ডার জিওভানি লো সেলসো এবার দলে ফিরেছেন। তবে অফ-ফর্মের কারণে বাদ পড়েছেন মার্কোস আকুনা। রিভার প্লেটের হয়ে নিয়মিত সুযোগ না পাওয়া আকুনার বাদ পড়াটা খুব একটা বিস্ময়কর ছিল না ফুটবল মহলে। একই সঙ্গে ভালো ফর্মে থাকা সত্ত্বেও চোট বা অন্য সমীকরণে জায়গা পাননি এমিলিয়ানো বুয়েন্দিয়া এবং পাওলো দিবালার মতো চেনা মুখেরা। বড় চমক হিসেবে বাদ পড়েছেন ১৮ বছর বয়সি আর্জেন্টিনার তরুণ প্রতিভা ফ্রাঙ্কো মাসতানতুয়োনো।

তবে তরুণদের ওপর ভরসাও রেখেছেন স্কালোনি। দলে সুযোগ পেয়েছেন নিকোলাস পাজ়, ভ্যালেন্তিন বারকো এবং হোসে ম্যানুয়েল লোপেজ়ের মতো প্রতিভাবান তরুণরা। কার্ড সমস্যা বা চোটের কথা মাথায় রেখে সব পজিশনেই ব্যাক-আপ ফুটবলার মজুত রেখেছেন বিশ্বজয়ী কোচ।

আগামী ১১ জুন থেকে আমেরিকা, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে শুরু হতে চলেছে ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ। বিশ্বজয়ী আর্জেন্টিনার অভিযান শুরু হচ্ছে আগামী ১৬ জুন। গ্রুপ পর্বে আলজেরিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে মাঠে নামবে মেসির দল। এই গ্রুপে আর্জেন্টিনার বাকি দুই প্রতিপক্ষ হলো অস্ট্রিয়া এবং জর্ডন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *