উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দীর্ঘ প্রায় ৯ বছর পর অবশেষে মুক্তি পেতে পারে দেব-শুভশ্রী (Dev-Subhashree) অভিনীত ছবি ‘ধূমকেতু’ (Dhoomketu)। এই ছবিতে শুধু অভিনয়ই নয়, প্রযোজক হিসাবে বড় পর্দায় হাতেখড়ি দেবের (Dev)। সঙ্গে ছিলেন প্রযোজক রানা সরকার। যৌথ প্রযোজনায় তৈরি হয়েছিল এই ছবি। নানা জটিলতার কারণে ছবিটি মুক্তি পায়নি।
তবে মঙ্গলবার সন্ধ্যায় দেব এবং রানা সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন। অভিনেতার অফিসে দুজনে দাঁড়িয়ে। পিছনে জ্বলজ্বল করছে ‘দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স’। রানা সেই পোস্টে লিখেছেন, এখন নয় তো কখনওই নয়। তারপর থেকে সকলের মনে তৈরি হয়েছে আশা।
ছবি শেয়ার করে দেব লেখেন, ‘এবার ভালো কিছুই হবে এমনটাই আশা করা যাচ্ছে।’
প্রসঙ্গত, ২০১৬ সালে শুটিং হয় এই ছবির। কিন্তু নানা জটিলতার কারণে গত ৯ বছর ধরে মুক্তি পিছিয়েছে। তবে কি এবার মুক্তি পেতে চলেছে বহু প্রতীক্ষিত ছবি ‘ধূমকেতু’? প্রশ্ন অনুরাগীদের।
