নিশিগঞ্জ: রাজনৈতিক পটপরিবর্তনের জেরে কোচবিহার দক্ষিণ বিধানসভার ফলিমারি (Falimari) গ্রাম পঞ্চায়েতে ঘটল এক নাটকীয় ঘটনা। তৃণমূলের প্রধান-উপপ্রধান সহ ১৩ জন সদস্যের পদত্যাগের ফলে তৈরি হওয়া রাজনৈতিক শূন্যতার সুযোগ নিয়ে অবশেষে মাত্র ৫ জন সদস্যকে সঙ্গে নিয়েই এই পঞ্চায়েতে বোর্ড গঠন করল ভারতীয় জনতা পার্টি (BJP)। সোমবার এই বোর্ড গঠন প্রক্রিয়াকে কেন্দ্র করে এলাকায় তৈরি হয় চরম উদ্দীপনা।
উল্লেখ্য, ২২ আসন বিশিষ্ট ফলিমারি গ্রাম পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস ১৪টি এবং বিজেপি ৮টি আসনে জয়ী হয়েছিল। পরবর্তীতে বিজেপির ৩ জন সদস্য তৃণমূলে যোগ দেওয়ায় তৃণমূল শিবিরের হাত আরও শক্ত হয়েছিল। কিন্তু রাজ্যে রাজনৈতিক পালাবদলের হাওয়া লাগতেই চিত্রটা সম্পূর্ণ বদলে যায়। তৃণমূলের প্রধান ও উপপ্রধান সহ মোট ১৩ জন সদস্য পদত্যাগ করায় পঞ্চায়েতে প্রবল প্রশাসনিক শূন্যতা ও অচলাবস্থা তৈরি হয়। এই পরিস্থিতিতে মাত্র ৫ জন সদস্যের ওপর ভর করেই সোমবার বোর্ড গঠন করে বিজেপি। এদিন নতুন প্রধান হিসেবে সুশান্ত বর্মন এবং উপপ্রধান হিসেবে শক্তি সরকার মনোনীত হন।
নতুন বোর্ড গঠনের খবর চাউর হতেই সোমবার সকাল থেকে ফলিমারি গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে ঢাক-ঢোল বাজিয়ে ও আতশবাজি ফাটিয়ে উৎসবে মেতে ওঠেন বিজেপি কর্মী-সমর্থকরা। উপস্থিত ছিলেন দলের জেলা সভাপতি অভিজিৎ বর্মন সহ অন্যান্য নেতৃত্ব। পরে নবনির্বাচিত প্রধান ও উপপ্রধানকে নিয়ে একটি বর্ণাঢ্য বিজয় মিছিলও বের করা হয় এলাকায়।
The put up Falimari | ফলিমারি পঞ্চায়েতে নাটকীয় পালাবদল, মাত্র ৫ সদস্য নিয়েই বোর্ড গঠন বিজেপির appeared first on Uttarbanga Sambad.
