ফালাকাটা: ব্যাংক থেকে ঋণ নিয়ে বাঁধাকপি চাষ করেছিলেন ফালাকাটার শিশাগোড়ের কৃষক কমল দাস। এবার প্রাকৃতিক বিপর্যয়ে অনেক কষ্টে সবজিকে রক্ষা করেছিলেন। এই মরশুমে মাত্র একদিন খেত থেকে কপি বিক্রি করেন। কিন্তু সোমবার সকালে বাঁধাকপি খেতে গিয়ে মাথায় আকাশ ভেঙে পড়ে কমলের।
জানা গিয়েছে, রবিবার রাতের অন্ধকারে কমল দাসের বাঁধাকপির খেত তছনছ করেছে দুষ্কৃতীরা। কমল জানান, ব্যাংক থেকে দেড় লক্ষ টাকা ঋণ নিয়ে এবছর সবজির চাষ করেছিলেন। এদিন সকালে খেতে গিয়ে দেখেন জমি থেকে প্রায় ১২-১৩ কুইন্টাল বাঁধাকপি চুরি গেছে। যার বাজারমূল্য ৩০-২৫ হাজার টাকা। এখন ব্যাংকের ঋণ কীভাবে পরিশোধ করবেন তা নিয়ে দিশেহারা অবস্থা ওই চাষির।
কমল দাসের বাড়ি শিশাগোড়ে। বাড়ি থেকে ৫০০ মিটার দূরে চরতোর্ষা নদীর পাশেই তাঁর সবজি খেত। সেখানে এলাকার আরও অনেক চাষির বাঁধাকপি, ফুলকপি, বেগুনের মতো সবজি খেত আছে। এই চুরির ঘটনায় আশপাশের চাষিরাও আতঙ্কিত। স্থানীয়রা জানিয়েছেন, রাতের অন্ধকারে বালুরঘাটের মেঠোপথ ধরেই দুষ্কৃতীরা ছোট চার চাকার গাড়ি নিয়ে খেতে আসে। খেতের পাশেই রাস্তা। আশপাশের চাষিদের বাঁধাকপি এখনও পুরোপুরি পরিপূর্ণ হয়নি। কিন্তু কমল দাসের কপি বিক্রির মতো অবস্থায় ছিল। তাই তার খেতেই দুষ্কৃতীরা হানা দেয়। কমল ফালাকাটা থানায় অভিযোগ জানাবেন বলে জানিয়েছেন।
এখন যেহেতু সবজির বাজার দর ভালো, তাই চুরির ঘটনা ঘটতে পারে। এখান থেকে কয়েক কিমি দূরেই ফালাকাটা কৃষক বাজার। সেই পাইকারি বাজারে বাঁধাকপি এখন প্রতি কেজি ২৪-২৫ টাকা দরে বিক্রি হচ্ছে। তবে এই ঘটনায় কালীপুর, শিশাগোড়, আসাম মোড় সহ বিভিন্ন গ্রামেই কৃষক মহলে আতঙ্ক ছড়িয়েছে।
