উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবার টি টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচে অস্ট্রেলিয়াকে ৪৮ রানে হারিয়ে দিল ভারত (India-Australia T 20)। এদিন প্রথমে ব্যাট করে ১৬৭ রান করে ভারত। শুভমান গিল ৩৯ বলে ৪৬ রানের ইনিংস খেলেন। এছাড়া অন্যদের মধ্যে অভিষেক শর্মা ২১ বলে ২৮, শিবম দুবে ১৮ বলে ২২, সূর্যকুমার যাদব ১০ বলে ২০ করলেন। শেষদিকে অক্ষর প্যাটেল ১১ বলে ২১ রান করে। যার দৌলতেই ১৬৭ রান করতে পারে ভারত। তবে এই অল্প রান নিয়েও শেষ পর্যন্ত ওয়াশিংটন সুন্দর, অর্শদীপ সিং, অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী, শিবম দুবেদের বোলিংয়ের সুবাদে চতুর্থ টি-২০ ম্যাচ একপ্রকার অনায়াসেই জিতে নেয় সূর্যকুমার যাদবরা। এই জয়ের ফলে পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল টিম ইন্ডিয়া।
কুইন্সল্যান্ডে ভারতের ১৬৮ রানের লক্ষ্যমাত্রার জবাবে অস্ট্রেলিয়ার শুরুটা খারাপ হয়নি। প্রথম উইকেটে ৩৭ রান ওঠে। দ্বিতীয় উইকেট যখন পড়ে তখন স্কোরবোর্ডে ছিল ৬৭ রান। সেখান থেকে ভারতের স্পিনাররা খেলা ঘুরিয়ে দেন। সাপোর্ট দিয়ে যান মিডিয়াম পেসার শিবম দুবেও। কুইন্সল্যান্ডের এই পিচ যথেষ্ট মন্থর। ফলে বল ব্যাট অবধি পৌঁছতে সমল লাগছিল। এই ধরনের পিচে দ্রুত রান তোলার গতি বাড়াতে গিয়ে একের পর এক উইকেট খোয়ায় অস্ট্রেলিয়া। শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ার ইনিংস শেষ হয়ে গেল মাত্র ১১৯ রানে। ৩টি উইকেট পেয়েছেন ওয়াশিংটন সুন্দর। অক্ষর, শিবম ২টি করে উইকেট পান। অর্শদীপ, বুমরাহ, বরুণ সকলেই একটি করে উইকেট তুলে নেন।
