নাগরাকাটা: সামনে থেকে আগুয়ান ট্রেন দেখেও কোনও হেলদোল নেই, রেললাইন ধরে দুলকি চালে হেঁটে আসছে বিশাল এক গজরাজ। শুক্রবার সকালে বাগ্রাকোট ও সেবক (Sevoke) স্টেশনের মধ্যবর্তী মংপং বনাঞ্চল এলাকায় এমন দৃশ্য চোখে পড়তেই তড়িঘড়ি সিদ্ধান্ত নেন পণ্যবাহী ট্রেনের দুই চালক সাকেন্দ্র কুমার ও গগন মাথুর। কোনো ঝুঁকি না নিয়ে সাথে সাথে জরুরীকালীন ব্রেক কষে শিলিগুড়িগামী মালগাড়িটিকে থামিয়ে দেন তাঁরা। চালকদের এই চরম সতর্কতার কারণেই মৃত্যুর হাত থেকে রক্ষা পায় বুনো হাতিটি (Elephant Saved)। ট্রেনটি থেমে যাওয়ার পর গজরাজ নিজের দিক বদলে লাইন পেরিয়ে পাশের একটি মাঠের দিকে চলে যায়।
উত্তর-পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার (Alipurduar) ডিভিশন সূত্রে জানা গিয়েছে, ডুয়ার্স চেরা এই রেলপথে চালকদের সচেতনতার দরুন গত এক মাসের মধ্যেই এক ডজনেরও বেশি হাতিকে দুর্ঘটনার হাত থেকে বাঁচানো সম্ভব হয়েছে। এর আগে মহানন্দা, চাপরামারি, বক্সা ও জলদাপাড়ার জঙ্গলের ভেতরের রুটগুলিতেও একইভাবে বুনো হাতি, বাইসন এবং হরিণ রক্ষার নজির গড়েছেন চালকেরা। রেল কর্তৃপক্ষের তরফে স্পষ্ট জানানো হয়েছে, এই বনাঞ্চলগুলিতে বন্যপ্রাণ রক্ষাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে এবং এই নজরদারি আগামীতেও অব্যাহত থাকবে। ট্রেন চালকদের এই মানবিক ও দায়িত্বশীল পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন পরিবেশপ্রেমীরা।
