উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটে নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক সি মুরুগানের গাড়িতে হামলার ঘটনা ঘটল। সোমবারের এই নজিরবিহীন আক্রমণ রাজ্যের গুরুত্বপূর্ণ ভোটার তালিকা বিশেষ সংক্ষিপ্ত সংশোধন (এসআইআর) প্রক্রিয়াকে প্রভাবিত করার এবং কমিশনের নজরদারি ব্যবস্থাকে ভয় দেখানোর চেষ্টা বলে অভিযোগ উঠেছে। প্রশ্ন উঠছে, একজন উচ্চপদস্থ সাংবিধানিক আধিকারিক, যিনি ভোটার তালিকার স্বচ্ছতা যাচাই করতে মাঠে নেমেছেন, তাঁকে কেন এ ভাবে সুপরিকল্পিতভাবে টার্গেট করা হলো? মগরাহাটের একটি স্কুলে মাইক্রো অবজারভারদের সঙ্গে নথিপত্র খতিয়ে দেখার পর যখন তিনি বেরোন, তখন তাঁর পথ আটকানো হয়। অভিযোগ, আইটিআই কলেজের পথে তাঁর গাড়ি ঘিরে ধরে দরজা ভাঙার চেষ্টা এবং চালককে হেনস্থা করার চেষ্টা করা হয়। চালককে গাড়ি থেকে টেনে নামানোরও চেষ্টা চলে।
এমন স্পর্শকাতর এলাকায় কমিশনের বিশেষ পর্যবেক্ষক যখন ঘুরছেন, তখন তাঁর নিরাপত্তায় ন্যূনতম পাইলট কার বা পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা ছিল না বলে অভিযোগ উঠেছে। চালকের বয়ান অনুযায়ী, যেখানে এসপি পর্যায়ের নিরাপত্তা থাকার কথা, সেখানে পুলিশি নিষ্ক্রিয়তা দুষ্কৃতীদের সাহস জুগিয়েছে। সি মুরুগান বলেছেন, “কমিশন দায়িত্ব দিয়েছে, কাজ করেই ছাড়ব” এবং তিনি দিল্লিতে রিপোর্ট পেশ করবেন বলেও জানিয়েছেন।
