উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন (Meeting Election)। এই পরিস্থিতিতে বাংলায় আসছেন ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী (Deputy election commissioner Gyanesh Bharti)। আচমকা তাঁর রাজ্যে আসার কারণ? তা নিয়েই শুরু হল জল্পনা।
জানা গেছে আগামী ৭ অক্টোবর অর্থাৎ মঙ্গলবার রাজ্যে আসছেন জ্ঞানেশ ভারতী। ৮ অক্টোবর সমস্ত জেলা শাসকদের সঙ্গে তিনি বৈঠকে বসবেন। মূলত রাজ্যের SIR এর প্রস্তুতি কোন পরিস্থিতিতে রয়েছে সবটা খুঁটিয়ে দেখার পর দুই-তিনটি জেলার সরেজমিনে সফর করবেন জ্ঞানেশ ভারতী এবং তাঁর সঙ্গে আসা প্রতিনিধি দল। এই সফরের আগে জেলা শাসকদের সব বকেয়া কাজ দ্রুত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। কমিশনের নির্দেশ মেনে ইতিমধ্যেই জেলা ও ব্লক পর্যায়ে শুরু হয়েছে প্রস্তুতি।
এদিকে জ্ঞানেশ ভারতীর সফর প্রসঙ্গে বিজেপি নেতা দিলীপ ঘোষ (BJP Chief Dilip Ghosh) বলেন, ‘প্রস্তুতি আগেই শুরু হয়েছে। কর্মীদের প্রশিক্ষণও হয়েছে। শুধু বুথ লেভেল অফিসার (BLO) সব বুথে খুঁজে পাওয়া যায়নি। বাংলার সরকার চাইছে, সিভিক ভলান্টিয়ার, পার্টির লোককে বিএলও করতে। আমরা বিভিন্ন জায়গায় প্রতিবাদ করেছি। পশ্চিমবঙ্গের সমস্ত মানুষকে সতর্ক থাকতে হবে। প্রত্যেককে তাঁর বুথে যিনি বিএলও হিসেবে আসছেন, তিনি সরকারি স্থায়ী কর্মী কি না, তা দেখতে হবে। তা না হলে প্রতিবাদ করতে হবে। অন্যথায় যে জন্য এসআইআর হচ্ছে, সেটা সফল হবে না।’
