আসানসোল: রবিবার সাতসকালে বিকট শব্দে কেঁপে উঠলো দুর্গাপুরের লাউদোহা ফরিদপুর ব্লকের আরতি গ্রামের উত্তর পাড়া এলাকা। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা গেছে, পরিত্যক্ত একটি বাড়ি থেকে রবিবার সকালে বিকট এক শব্দ পাওয়া যায়। আতঙ্কে বাড়ির বাইরে বেড়িয়ে আসেন এলাকার বাসিন্দারা । খবর দেওয়া হয় লাউদোহা থানায়। সেই খবর পেয়ে এলাকায় পুলিশ আসে। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। তদন্তের স্বার্থে পুলিশ পরিত্যক্ত ঐ বাড়ির চারপাশে ব্যারিকেড করে দিয়েছে। প্রাথমিক তদন্তের পরে পুলিশের প্রাথমিক অনুমান, পরিত্যক্ত ঐ বাড়িতে বিস্ফোরক জাতীয় কিছু ছিলো। তাতে এদিন সকালে বিস্ফোরণ ঘটে। তার থেকেই হয় বিকট শব্দ। পরিত্যক্ত ওই বাড়িটির পাশেই থাকেন রেশমাতারা খাতুন। তিনি বলেন, ‘মনে হলো যেন বোমা ফাটল। কালো ধোঁয়ায় চারদিক ঢেকে যায়। আমার মেয়ে ছিল উঠোনেই। ওর পায়ে একটু লেগেছে। তবে খুব চিন্তায় আছি আমরা। কী ভাবে কী হলো, পুলিশ খতিয়ে দেখুক।’
