দুর্গাপুর: নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, মঙ্গলবার থেকেই বাড়ি বাড়ি যাওয়া শুরু করেছেন বুথ লেভেল অফিসাররা (BLO)। ভোটারদের বাড়িতে গিয়েই এনুমারেশন ফর্ম বিলি করার কথা বিএলওদের। কিন্তু নির্বাচন কমিশনের সেই ফর্ম বিলি করা হচ্ছে বাস স্ট্যান্ডের শেডের তলায় বসে। বুধবার দুর্গাপুর(Durgapur) পূর্ব বিধানসভার দুর্গাপুর(Durgapur) পুরনিগমের ২৪ নম্বর ওয়ার্ডে দেখা গেল এমনই ছবি। এমএএমসি টাউনশিপের বি-ওয়ান শনিমন্দির বাস স্ট্যান্ডে বসে ১৫২ নম্বর বুথের ফর্ম বিলি করছেন বিএলও সুষমা ভৌমিক। তিনি জানিয়েছেন, অতিরিক্ত কাজের চাপে ক্লান্ত হয়ে যাওয়াতেই নাকি বাসস্ট্যান্ডে বসে নির্বাচন কমিশনের দেওয়া ফর্ম বিলি শুরু করেন তিনি। বিএলওর সঙ্গে থাকা বিজেপির বুথ লেভেল এজেন্ট দিলীপ রায় জানান, ভোটারদের বাড়ি বাড়ি গিয়েই ফর্ম দেওয়া হচ্ছিল। ক্লান্ত হয়ে যাওয়ায় বিএলও বাসস্ট্যান্ডে বসে ফর্মগুলি গুছিয়ে নিচ্ছিলেন।
একইরকম ঘটনার কথা শোনা গেছে আসানসোলেও। সেখানেও এক বিএলও রাস্তার পাশে একটি জায়গায় বসে ফর্ম বিলি করছিলেন বলে অভিযোগ। এর কারণ জানতে চাওয়ায় তিনি জানান, আমার হাঁটুতে সমস্যা আছে। সেই কারণে সিঁড়ি দিয়ে উঠানামা করতে ও উঁচুতে উঠতে সমস্যা হয়। এই দুই অভিযোগ প্রশাসনকে জানানো হলে প্রশাসন তরফে জানানে হয় বিষয়টি খতিয়ে দেখা হবে।
