Durga Pujo | মহাষ্টমীতে জনজোয়ার, ভিড়ের লড়াইয়ে বিগ বাজেটের পুজোকে টক্কর দিচ্ছে ছোট ক্লাবগুলোও

Durga Pujo | মহাষ্টমীতে জনজোয়ার, ভিড়ের লড়াইয়ে বিগ বাজেটের পুজোকে টক্কর দিচ্ছে ছোট ক্লাবগুলোও

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আজ মহাষ্টমী। রাত পোহালেই নবমী। আর নিশি নবমী মানেই বিদায়ের সুর। তাই মহাষ্টমীর রাতেই চুটিয়ে পুজো দেখতে পথে আমজনতা। শিলিগুড়ি থেকে শুরু করে উত্তরবঙ্গের জেলাগুলোতে কমবেশি ছবি একই রকম। শিলিগুড়িতে কখনও ভিড়ে সুব্রত সঙ্ঘ-দাদাভাই স্পোর্টিং ক্লাবের পুজোকে টেক্কা দিচ্ছে সেন্ট্রাল কলোনি, কখনও বা সেন্ট্রাল কলোনিকে পেছনে ফেলছে সুব্রত সঙ্ঘ-দাদাভাই স্পোর্টিং ক্লাব। আবার উজ্জ্বল সংঘ, সঙ্ঘশ্রী, হায়দারপাড়া স্পোর্টিং বা জাতীয় তরুণ সঙ্ঘের মতো ক্লাবগুলোও ভিড় টানার লড়াইয়ে প্রথম সারিতে উঠে আসছে। চুম্বকে মহাষ্টমীর সন্ধে থেকে এটাই ছিল শিলিগুড়ির বিভিন্ন পুজো মণ্ডপের ছবি। মণ্ডপের সামনে শুধু কালো কালো মাথা ছাড়া আর কিছুই দেখা যায়নি। বিভিন্ন রাস্তায় অবশ্যম্ভাবী যানজট, যা সামলাতে পুলিশকর্মী ও স্বেচ্ছাসেবকদের হিমশিম খেতে হয়েছে। তবে বিগ বাজেটের পুজোগুলোকে সমান তালে টেক্কা দিয়েছে ছোট পুজোগুলোও।

তবে শুধু শিলিগুড়ি কেন? জলপাইগুড়ির তরুণ দল, ধূপগুড়ির মিলন সংঘ, বা ময়নাগুড়ির বিবেকানন্দ ক্লাব ভিড় টেনেছে একই ভাবে। দক্ষিণ দিনাজপুরের কবিতীর্থ অ্যাথলেটিক বা হিলির বিপ্লবী সঙ্ঘে রাত ১০টাতে তিল ধারনের জায়গা ছিল না। ভিড় উপচে পড়েছে মালদা মালঞ্চপল্লী, নেতাজি ক্লাব ও লাইব্রেরি বা ঘোড়াপীর সর্বজনীন কমিটির পুজোতেও। সন্ধের পর থেকে উত্তর দিনাজপুরের বিপ্লবী সর্বজনীন দুর্গোৎসব, উদয়পুর বারোয়ারি বা রূপাহার যুব সংঘের ভিড় সমানতালে টেক্কা দিয়েছে অন্যপুজোগুলোকে। কোচবিহার ও আলিপুরদুয়ারের পুজোগুলোও কোনও দিক থেকে পিছিয়ে নেই। সন্ধের পরই কোচবিহারের ছাট গুড়িয়াহাটি নেতাজি স্কোয়ার সংঘ, দিনহাটা শহিদ কর্নার বা বলরামপুর রোড কালীবাড়ি দুর্গাপূজা কমিটির পুজোয় মানুষের ঢল নামে। আলিপুরদুয়ারে ফালাকাটা কলেজপাড়া সর্বজনীন দুর্গা পূজা কমিটি, মিলন সংঘ, বা স্বামী বিবেকানন্দ ক্লাবের পুজোতেও ভাল ভিড় হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *