বেলাকোবা: দশদরগা (Doshdorga) যেন এখন মৃত্যুপুরী, এমনই বলছেন এলাকাবাসীরা। প্রতিবছর শীত পড়তেই দশদরগা সংলগ্ন এলাকায় পাল্লা দিয়ে বাড়ে পথ দুর্ঘটনা (Accident)। মৃত্যু মিছিল চোখের সামনে দেখেও কোনও হেলদোল নেই প্রশাসনের।
মঙ্গলবার রাত প্রায় ১০টা। দু’জন বাইক আরোহী ২৭ ডি জাতীয় সড়ক ধরে জলপাইগুড়ি (Jalpaiguri) থেকে শিলিগুড়ির (Siliguri) দিকে যাচ্ছিলেন। সেই সময় একটি দ্রুতগামী একটি গাড়ি সজোরে বাইকে ধাক্কা মেরে পালিয়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক ব্যক্তির, আরেকজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয়রাই ভর্তি করেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে (North Bengal Medical School And Hospital)। এরপর দীর্ঘক্ষণ পথ অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকাবাসীরা। পরিস্থিতি সামাল দিতে ছুটে আসে জলপাইগুড়ির কোতোয়ালি থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে গেলে এলাকাবাসীরা শান্ত হন, জাতীয় সড়ক যানজট মুক্ত হয়।
তবে প্রশ্ন উঠছে অন্য জায়গায়। শীত পড়তেই দুর্ঘটনা যেন নিত্যদিনের সঙ্গী দশদরগাতে। নিরাপদে পারাপারের জন্য বিশেষ ক্রসিং বা ট্রাফিক কন্ট্রোল কোনোটিই নেই। এনিয়ে বহুবার জানানো হয়েছে প্রশাসনকে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। মিলেছে শুধু প্রতিশ্রুতি। অবশেষে কবে সমস্যার সমাধান হবে, সাধারণ মানুষের প্রাণ সুরক্ষিত থাকবে তারই জবাব খোঁজার চেষ্টা করছে এলাকাবসীরা।
