উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: গ্রিনল্যান্ড দখল ও ইউরোপীয় দেশগুলোর উপর চড়া হারে শুল্ক আরোপের হুমকি থেকে শেষ পর্যন্ত সরে এলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। ডাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সাইডলাইনে ন্যাটো (NATO) প্রধান মার্ক রুটের সঙ্গে এক ফলপ্রসূ বৈঠকের পর এই নাটকীয় মোড় এল। ট্রাম্প ঘোষণা করেছেন, আগামী ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হতে চলা প্রস্তাবিত শুল্ক আপাতত কার্যকর হচ্ছে না।
নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ ট্রাম্প জানিয়েছেন, ন্যাটোর সেক্রেটারি জেনারেল মার্ক রুটের সঙ্গে আলোচনার পর গ্রিনল্যান্ড (Greenland Problem) এবং সমগ্র আর্কটিক অঞ্চল নিয়ে একটি ‘ভবিষ্যৎ ফ্রেমওয়ার্ক’ তৈরি করা হয়েছে। এই ফ্রেমওয়ার্ক যুক্তরাষ্ট্র এবং তার মিত্র দেশগুলোর জন্য লাভজনক হবে বলেই তাঁর দাবি। গ্রিনল্যান্ডকে একটি ‘বরফের টুকরো’ হিসেবে বর্ণনা করে ট্রাম্প বলেন, মার্কিন জাতীয় নিরাপত্তার স্বার্থে এই অঞ্চলের কৌশলগত গুরুত্ব অপরিসীম। তবে সামরিক পদক্ষেপের সম্ভাবনা আগেই নাকচ করেছিলেন তিনি।
এই আলোচনা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটি উচ্চপর্যায়ের দল গঠন করেছেন ট্রাম্প। যার নেতৃত্বে থাকবেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স, বিদেশ সচিব মার্কো রুবিও এবং বিশেষ দূত স্টিভ উইটকফ। ন্যাটোর প্রধান মার্ক রুটে ট্রাম্পকে আশ্বস্ত করে বলেছেন, যেকোনও সংকটে মিত্র দেশগুলো আমেরিকার পাশেই থাকবে। তিনি ৯/১১ হামলার পর ন্যাটোর সহযোগিতার কথা স্মরণ করিয়ে দেন।
এদিকে ট্রাম্পের এই সিদ্ধান্তে স্বস্তি প্রকাশ করেছে ডেনমার্ক। সে দেশের বিদেশমন্ত্রী লার্স লোকে রাসমুসেন একে একটি ইতিবাচক মোড় হিসেবে দেখছেন। উল্লেখ্য, এই উত্তেজনার আবহে ইউরোপীয় পার্লামেন্ট আমেরিকার সঙ্গে তাদের প্রস্তাবিত বাণিজ্য চুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছিল। ট্রাম্পের এই সুর নরম করার পর আন্তর্জাতিক বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্কে বরফ গলে কি না, এখন সেদিকেই নজর বিশ্বমহলের।
