Donald Trump | ‘বছরের শেষেই রুশ তেল কেনা কমাবে ভারত’, ফের একই দাবি মার্কিন প্রেসিডেন্টের

Donald Trump | ‘বছরের শেষেই রুশ তেল কেনা কমাবে ভারত’, ফের একই দাবি মার্কিন প্রেসিডেন্টের

ভিডিও/VIDEO
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) দাবি করেছিলেন ভারত শীঘ্রই রাশিয়ার থেকে তেল (Russian oil) কেনা বন্ধ করে দেবে। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) খোদ তাঁকে এই আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছিলেন তিনি। আবার ফের একই দাবি করে বসলেন মার্কিন প্রেসিডেন্ট। এবার জানিয়েও দিলেন যে, মোদি নাকি তাঁকে আশ্বাস দিয়েছেন চলতি বছরের শেষের দিকেই ভারত রাশিয়ার তেল আমদানি প্রায় শূন্যের কোঠায় নামিয়ে আনবে।

বুধবার ন্যাটো মহাসচিব মার্ক রুটের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন ট্রাম্প। সেখানেই তিনি বলেন, ‘আপনারা জানেন, ভারত আমাকে আশ্বাস দিয়েছে যে তারা রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করবে। তবে এটি একটি প্রক্রিয়া যা হঠাৎ করে বন্ধ করতে পারবেন না। তবে বছরের শেষ নাগাদ ভারত রাশিয়ার থেকে তেল আমদানি প্রায় শূন্যের কোঠায় নামিয়ে আনবে। যা একটি বড় বিষয়।’

পাশাপাশি ভারতের ৪০ শতাংশ অপরিশোধিত তেল রাশিয়া থেকে আমদানি করা হয় বলেও উল্লেখ করেন ট্রাম্প। সেই সঙ্গে মোদির প্রশংসা করে তিনি বলেন, ‘ভারত দুর্দান্ত কাজ করছে। গতকালই প্রধানমন্ত্রী মোদির সঙ্গে কথা বলেছি। তিনিও একেবারে দুর্দান্ত কাজ করছেন।’

মঙ্গলবারই মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছিলেন, দীপাবলিতে মোদির সঙ্গে ফোনে কথা বলেছেন তিনি। আর তাঁদের আলোচনা বেশিরভাগই বাণিজ্য নিয়েই হয়েছে। যদিও এর আগেই ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন, রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ না করলে ভারতের উপর আরও শুল্ক চাপানো হবে।

উল্লেখ্য, রাশিয়ার থেকে তেল কেনা অব্যাহত রাখার জরিমানা হিসেবে ভারতের উপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন ট্রাম্প। যদিও ভারত প্রথম থেকেই স্পষ্ট জানিয়েছে, দেশবাসীর স্বার্থরক্ষাই অগ্রাধিকার। কিন্তু এরই মাঝে শোনা যাচ্ছে, শীঘ্রই ভারত ও আমেরিকার দীর্ঘ প্রতীক্ষিত বাণিজ্য চুক্তি সম্পন্ন হতে চলেছে। আর এর ফলে ভারতের উপর শুল্ক কমে ১৫ থেকে ১৬ শতাংশে নেমে আসতে পারে। যদিও এনিয়ে এখনও পর্যন্ত নয়াদিল্লি বা ওয়াশিংটন কোনও মন্তব্য করেনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *