উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দক্ষিণ আফ্রিকার (South Africa) জি২০ সম্মেলন বয়কট করল আমেরিকা (US)। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) জানিয়েছেন, তিনি নিজে তো যাবেনই না, এমনকি আমেরিকা থেকে কোনও প্রতিনিধিকেও পাঠানো হবে না দক্ষিণ আফ্রিকার জি২০ সম্মেলনে। চলতি মাসের ২২ এবং ২৩ তারিখ সেখানে জি২০ সম্মেলন (G20 meet) অনুষ্ঠিত হওয়ার কথা। কেন যাবেন না, তাও স্পষ্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট।
সোশ্যাল মিডিয়ায় ট্রাম্প লিখেছেন, ‘দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত জি২০ সম্মেলন সম্পূর্ণ লজ্জার। সেখানে আফ্রিকানদের (ডাচ বসতি স্থাপনকারীদের বংশধর, এবং ফরাসি ও জার্মান অভিবাসীদেরও) খুন করা হচ্ছে, তাঁদের জমি-জায়গা বেআইনিভাবে হাতিয়ে নেওয়া হচ্ছে। এই মানবাধিকার লঙ্ঘন যত দিন চলবে, আমেরিকার কোনও সরকারি আধিকারিক ওই দেশে যাবেন না।’ ২০২৬ সালে ফ্লোরিডার মায়ামি শহরে জি২০ সম্মেলনের আয়োজন করতে চলেছে আমেরিকা। তার জন্য মুখিয়ে আছেন বলেও জানান ট্রাম্প।
দক্ষিণ আফ্রিকায় মূলত ডাচ, ফরাসি এবং জার্মান বংশোদ্ভূতদের উপর অত্যাচারের কথা উল্লেখ করেছেন ট্রাম্প। শ্বেতাঙ্গ কৃষকরা সেখানে সংখ্যালঘু। অভিযোগ, বর্ণবৈষম্যের কারণে নির্বিচারে শ্বেতাঙ্গদের হত্যা করা হয় সেখানে। যদিও দক্ষিণ আফ্রিকার সরকার এই ধরনের অভিযোগ অস্বীকার করেছে। দক্ষিণ আফ্রিকার সরকারের দাবি, সে দেশে কৃষ্ণাঙ্গ এবং শ্বেতাঙ্গরা সমানাধিকার ভোগ করেন।
