গঙ্গারামপুর: সরকারি নথি ও ফর্ম আগুনে পুড়িয়ে ফেলার অভিযোগকে কেন্দ্র করে বুধবার ব্যাপক চাঞ্চল্য ছড়াল দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের বাসুরিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায়। ঘটনায় তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগ তুলে সরব হয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্ব (Doc Burning)। পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে।
বুধবার সকালে রাজ্য সরকারের অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের ফর্ম বিতরণ সংক্রান্ত বিষয় নিয়ে খোঁজখবর করতে পঞ্চায়েত অফিসে যান বিজেপির সংখ্যালঘু মোর্চার রাজ্য কমিটির সদস্য আমিনুল হক এবং স্থানীয় বিজেপি নেতা নিত্য সাহা। তাঁদের অভিযোগ, পঞ্চায়েত অফিসে ঢুকতেই তাঁরা দেখেন অফিসের ভেতরে একটি জায়গায় প্রচুর কাগজপত্রের স্তূপে আগুন জ্বলছে। সেখানে জব কার্ড, সংক্রান্ত নথিপত্র এবং বিভিন্ন সরকারি প্রকল্পের ফর্ম ছিল বলে দাবি তাঁদের।
বিজেপি নেতাদের অভিযোগ, বিভিন্ন প্রকল্পের দুর্নীতি ধামাচাপা দিতেই পরিকল্পিতভাবে এই তথ্যপ্রমাণ নষ্ট করা হয়েছে। ঘটনাস্থল থেকে বিজেপি নেতারা একটি বস্তাভর্তি আংশিক পোড়া ফর্ম উদ্ধার করেন। সংখ্যালঘু মোর্চার রাজ্য কমিটির সদস্য আমিনুল হক বলেন, “পঞ্চায়েত প্রধানের নেতৃত্বেই তথ্যপ্রমাণ লোপাটের চেষ্টা হয়েছে। পুলিশ নিরপেক্ষ তদন্ত করলে সব সত্য সামনে আসবে।”
যদিও সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন বাসুরিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান রোশনেয়ারা বিবি। তিনি বলেন, “চক্রান্ত করে কে বা কারা পঞ্চায়েত অফিসের ভেতরে ঢুকে নথিপত্রে আগুন লাগিয়েছে। এর সঙ্গে আমার কোনো যোগ নেই।”
ঘটনার খবর পেয়েই গঙ্গারামপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। উদ্ধার হওয়া নথিগুলো বাজেয়াপ্ত করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। পঞ্চায়েত প্রধানের কাছ থেকেও এ বিষয়ে লিখিত বয়ান নেওয়া হয়েছে। গঙ্গারামপুর ব্লক প্রশাসন ও পুলিশ সূত্রে জানানো হয়েছে, পুরো বিষয়টি তদন্তসাপেক্ষ। তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক মহলে এখন জোর চর্চা চলছে।
