DNA Lab | উত্তরবঙ্গের কৃষিক্ষেত্রে ঐতিহাসিক সাফল্য! পুণ্ডিবাড়ির কৃষি বিশ্ববিদ্যালয়ে তৈরি হলো প্রথম অত্যাধুনিক ডিএনএ ল্যাবরেটরি

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


দেবদর্শন চন্দ, কোচবিহার: উত্তরবঙ্গের কৃষিক্ষেত্র ও গবেষণায় বড়সড়ো পদক্ষেপ। পুণ্ডিবাড়ির উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে তৈরি হয়েছে এই অঞ্চলের প্রথম অত্যাধুনিক ‘ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট ল্যাবরেটরি’ (DNA Lab)। ১ কোটি ৬৬ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত এই পরীক্ষাগারে ফসলের প্রজাতি ও রোগ নির্ণয় দ্রুত সম্ভব হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দেবব্রত বসুর কথায়, ‘বিশ্ববিদ্যালয়ের মুকুটে নতুন পালক যুক্ত হল। আমরা আশাবাদী, এতে পড়ুয়া, গবেষক এবং কৃষকরা বিশেষভাবে উপকৃত হবেন। দ্রুত ল্যাবরেটরিটির উদ্বোধনও করা হবে।’

কৃষি বিজ্ঞানীরা জানাচ্ছেন, এই ল্যাবে ধান, পাট, ভুট্টা সহ বিভিন্ন শাকসবজির রোগ-প্রতিরোধী প্রজাতি সহজেই চিহ্নিত করা যাবে। পাশাপাশি, ফসলে আক্রমণকারী ক্ষতিকারক ভাইরাস, ছত্রাক এবং ব্যাকটিরিয়াও শনাক্ত করা সম্ভব হবে। তাছাড়া বাজারচলতি বীজের জিনগত বিশুদ্ধতা যাচাই করার সুযোগ থাকায় কৃষকরা নকল বীজের প্রতারণা থেকে রক্ষা পাবেন। পাশাপাশি রোগ-পোকার আক্রমণের আগাম সতর্কতা দেওয়াও সম্ভব হবে। আগে এই ধরনের ডিএনএ পরীক্ষার জন্য উত্তরবঙ্গের কৃষকদের কলকাতা বা দিল্লির ল্যাবের ওপর নির্ভর করতে হত, যা ছিল অত্যন্ত সময়সাপেক্ষ ও ব্যয়বহুল। নতুন এই পরিকাঠামোয় সেই সমস্যার সমাধান হতে চলেছে বলে দাবি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট অ্যান্ড মলিকিউলার বায়োলজি ল্যাবরেটরির বিজ্ঞানী অভিজিৎ কুণ্ডুর বক্তব্য, ‘উত্তরবঙ্গে প্রথম ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট ল্যাবরেটরি তৈরি হয়েছে বিশ্ববিদ্যালয়ে। এতে কৃষক এবং পড়ুয়ারা বিশেষভাবে উপকৃত হবেন। এখন কতদিনে এই ল্যাবরেটরিটি উদ্বোধন হয়, সেদিকেই আমরা তাকিয়ে রয়েছি।’

বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, ২০২৩ সালে এই ল্যাবরেটরি তৈরির কাজ শুরু হয়েছিল এবং সম্প্রতি তা সম্পন্ন হয়েছে। তাছাড়া ইতিমধ্যেই ল্যাবে অত্যাধুনিক পিসিআর মেশিন, আরটিপিসিআর, রেফ্রিজারেটেড সেন্ট্রিফিউজ, আলট্রাপিওর ওয়াটার পিউরিফিকেশন সিস্টেম, সিকোয়েন্সার সহ নানা ধরনের উন্নতমানের মেশিনও বসানো হয়েছে। ফলে দ্রুত সেটি উদ্বোধন হলে উত্তরবঙ্গের কৃষিক্ষেত্রে যেমন আমূল পরিবর্তন আসবে, ঠিক তেমনই কৃষি গবেষণাতেও নয়া দিগন্ত খুলবে বলে আশাবাদী সকলে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *