দিনহাটা: সপ্তাহের নির্দিষ্ট দিন অনুযায়ী সোমবার দিনহাটা মহকুমা হাসপাতালের বর্হিবিভাগে ১০ জন চিকিৎসকের বসার কথা ছিল। কিন্তু বেলা ১২টার দিকেও এদিন বেশকিছু বিভাগে চিকিৎসকের দেখা মেলেনি। এর ফলে দূরদূরান্ত থেকে আসা রোগীরা খুব সমস্যায় পড়েন। পাশাপাশি, কর্তৃপক্ষের ভূমিকায় অনেকে ক্ষোভও উগরে দিন। পর্যাপ্ত সংখ্যক চিকিৎসক না থাকায় সমস্যা হচ্ছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। পাশাপাশি, দ্রুত সমস্যার সমাধান হবে বলে তারা আশ্বাস দিয়েছে।
সুপার রণজিৎ মণ্ডলের কথায়, ‘বেশকিছু বিভাগে চিকিৎসক সংকট থাকার কারণে পরিষেবা দিতে সমস্যা হচ্ছে। চক্ষু ও দন্ত বিভাগে চিকিৎসক নেই। অস্থিরোগ বিভাগে একজন মাত্র চিকিৎসক রয়েছেন। স্ত্রীরোগবিশেষজ্ঞের অভাব রয়েছে। এসবের কারণেই পরিষেবা দিতে আমাদের রীতিমতো হিমসিম খেতে হচ্ছে।’ সংশ্লিষ্ট বিভাগগুলিতে চিকিৎসক এলে সমস্যা মিটবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এদিন বেলা ১২টার কিছু পরে দিনহাটা মহকুমা হাসপাতালের আউটডোরে যাওয়া হয়েছিল। দেখা গেল, কিছু বিভাগে চিকিৎসক এলেও বেশিরভাগ বিভাগে চিকিৎসক নেই। বহির্বিভাগে দেওয়া তালিকা অনুযায়ী ২, ৩, ৪, ৫, ৬, ১১, ১২, ১৩ এবং ১৪ নম্বর ঘরে বিভিন্ন বিভাগের চিকিৎসকদের বসার কথা। সেই অনুযায়ী এদিন গিয়ে দেখা গেল ২,৩, ৪, ৬, ১৩ নম্বর ঘরগুলিতে চিকিৎসকের দেখা পাওয়া গেলেও ৫, ১১, ১২, ১৪ নম্বর লেখা ঘরগুলিতে চিকিৎসকের দেখা নেই। এই ঘরগুলিতে স্ত্রীরোগবিশেষজ্ঞ থেকে চক্ষু, অস্থি ও দন্তের মতোগুরুত্বপূর্ণ বিভাগ রয়েছে। এই কারণে রোগীরা সমস্যায় পড়ছেন। দূরদূরান্ত থেকে যাঁরা এই হাসপাতালে ডাক্তার দেখাতে আসছেন, তাঁদের ভোগান্তি বেশি। এনিয়ে অনেকেই কর্তৃপক্ষের ভূমিকায় সরব হওয়া শুরু করেছেন।
স্ত্রীকে নিয়ে মালেকুর রহমান এদিন এই হাসপাতালে ডাক্তার দেখাতে এসেছিলেন। কথায় কথায় বললেন, ‘এটি কিন্তু আজকের সমস্যা নয়। মাঝেমধ্যেই এই সমস্যায় আমাদের খুবই ভুগতে হয়। আউটডোরে চিকিৎসকের দেখা মেলে না। তিনি কোথায় গিয়েছেন বলে প্রশ্ন করলে স্পষ্ট কোনও উত্তর মেলে না।’ সৌভিক বর্মন নামে আরেকজনের কথায়, ‘চিকিৎসকের সংকট থাকলে সেই সমস্যা মেটাতে কর্তৃপক্ষের দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত।’
