দিনহাটা: ক্রেতা সেজে বাজির দোকানে হানা! আর তারপরই দুই লক্ষ টাকার নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দিনহাটা থানার পুলিশ। এদিন দুপুরে গোপন সূত্রে খবর পেয়ে দিনহাটা(Dinhata) শহর ও ভেটাগুড়ির কয়েকটি দোকানে হানা দেয় পুলিশ। আর সেখানেই চকোলেট বোম, লঙ্কা বাজি, টু শট, রকেট সহ একাধিক নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার হয়। পুলিশের নজর এড়িয়ে কীভাবে এত পরিমাণ নিষিদ্ধ শব্দবাজি শহরে প্রবেশ করলো তা নিয়েও উঠছে প্রশ্ন। উল্লেখ্য, আগামী সোমাবার দীপাবলি, আলোর উৎসবের পাশাপাশি এই দিনটিতে দেদার ফাটানো হয় শব্দবাজি। যদিও গ্রিন ট্রাইবুন্যালের রায়ে নিষিদ্ধ শব্দবাজি বিক্রি আইনত অপরাধ। এজন্য দীপাবলির আগে দিনহাটা পুলিশের জোরকদমে চলছে অভিযান। দিনহাটা(Dinhata) মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র জানান, ‘প্রায় দুই লক্ষ টাকার নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার হয়েছে। এই অভিযান দীপাবলির আগে পর্যন্ত নিয়মিত চলবে।’
