উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: খড়গপুরে দুষ্কৃতীরাজ ও অরাজকতা দমনে এবার কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিলেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ (Dilip Ghosh)। রবিবার খড়গপুরে বিজেপির একটি নতুন কার্যালয় উদ্বোধনে গিয়ে তিনি স্পষ্ট জানান, প্রয়োজনে বারুইপুরের (Baruipur) মতো খড়গপুরেও (Kharagpur) ‘এনকাউন্টার’ চালানো হবে (Encounter)।
খড়গপুরে আয়োজিত এই দলীয় কর্মসূচি থেকে দিলীপ ঘোষ মূলত শহরের মাফিয়া, দুষ্কৃতীদের নিশানা করেন। তাঁর অভিযোগ, বিগত কয়েক বছর ধরে খড়গপুরে দুষ্কৃতীরাজ বা ‘মাফিয়াগিরি’ চলেছে এবং সাধারণ মানুষের ওপর নানা অত্যাচার করা হয়েছে, যার সঙ্গে তৎকালীন শাসকদল তৃণমূলের নেতারা যুক্ত। শহরের মানুষের নিরাপত্তার স্বার্থে এবার কঠোর আইনি ব্যবস্থার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।
পুলিশের ভূমিকা প্রসঙ্গে দিলীপ জানান, পুলিশ তাঁকে আশ্বস্ত করেছে যে আসন্ন দুর্গাপূজার আগেই শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হবে এবং খড়গপুরে সম্পূর্ণ শান্তি ফেরানো হবে। তাঁর কথায়, ‘খড়গপুরে মাফিয়াগিরি, গুন্ডাগিরি আর চলবে না। কোনও গুন্ডা থাকতে পারবে না। পুলিশ বলে দিয়েছে, খড়গপুরে পা রাখলে গুলি খেতে হবে। ডাল ভাত খাওয়ার আগে গুলি খেতে হবে। পুলিশ আমাকে বলেছে, পুজোর আগে ঠান্ডা করবে।’ পুলিশের কাজের স্বাধীনতা নিশ্চিত করে তিনি বলেন, ‘ঠান্ডা করার জন্য যা করার দরকার, তার জন্য পুলিশের হাত খোলা রয়েছে। হাত বার করবে, ট্রিগার টিপবে। উৎপাত সহ্য করব না।’
এদিন রাজ্যের মন্ত্রী এও জানান, নেশার অর্থ জোগাতে চুরি করা ‘পাতাখোরদের’ দাপটও কমেছে খড়গপুরে। ইতিমধ্যে এরকম ২০০ জনকে গ্রেপ্তারও করা হয়েছে। সেই সঙ্গে দিলীপের হুঁশিয়ারি, ‘কাউকে ছাড়া হবে না। দরকারে এনকাউন্টার হবে, বারুইপুরে যেমন হয়েছে।’

