উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক : আশঙ্কাই শেষ পর্যন্ত সত্যি হল। নিজেদের পারফরম্যান্সের জোরে আইএসএলে খেলার যোগ্যতা অর্জন করা সত্ত্বেও শুধুমাত্র আর্থিক অনটনের কারণে এই মেগা লিগে খেলা হচ্ছে না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব ডায়মন্ড হারবার এফসির। ফেডারেশনের তরফে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে, আসন্ন আইএসএল হতে চলেছে মাত্র ১৩টি দল নিয়ে।
বুধবার রাতে এআইএফএফের তরফে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়, ২০২৬-‘২৭ মরশুমে ১৩টি ক্লাব অংশ নেবে আইএসএলে। নির্দিষ্ট সময়ের মধ্যে অংশগ্রহণ ফি বা পার্টিসিপেশন ফি জমা দিতে ব্যর্থ হওয়ায় ডায়মন্ড হারবার এফসি যে এই টুর্নামেন্ট থেকে বাদ পড়ছে, তা একপ্রকার নিশ্চিত। এমনকি আইএসএলের পার্টিসিপেশন ফি-র প্রথম কিস্তির ৫৫ লক্ষ টাকাও জোগাড় করতে পারেনি ক্লাবটি।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে মাত্র কয়েক বছর আগে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই উল্কার গতিতে উন্নতি করেছিল এই ক্লাব। মাত্র চার বছরের মধ্যে তারা দেশের শীর্ষ লিগে জায়গা করে নিয়েছিল। তবে রাজ্যে রাজনৈতিক পটপরিবর্তনের পরেই ক্লাবটির ভাগ্য পুরোপুরি ঘুরে যায়। অর্থাভাবে এই মুহূর্তে ডায়মন্ড হারবার এফসির সমস্ত কার্যকালাপ কার্যত বন্ধের মুখে।
বস্তুত, এই মুহূর্তে দুর্নীতির অভিযোগে রাজ্যের নজরে রয়েছে ডায়মন্ড হারবার এফসি। দায়িত্ব নেওয়ার পরই রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ ক্লাবটিকে তীব্র আক্রমণ করে জানিয়েছিলেন, ডায়মন্ড হারবার এফসির মাধ্যমে টাকা তোলা এবং ম্যাচ ফিক্সিংয়ের মতো গুরুতর অভিযোগ তাঁর কাছে জমা পড়েছে। ইমেলে আসা ওই অভিযোগগুলির বিষয়ে পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হবে বলে জানিয়েছেন তিনি।

