উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সোমবার রাতে দিল্লি বিস্ফোরণের (Delhi Blast) ঘটনায় শোকস্তব্ধ গোটা দেশ। সেই আঁচ পড়ল বলিউডেও (Bollywood)। পিছিয়ে গেল রণবীর সিংয়ের ছবি ‘ধুরন্ধর’-এর ট্রেলার মুক্তির অনুষ্ঠান (Dhurandhar trailer launch postponed)। ১২ নভেম্বর অর্থাৎ বুধবার এই ছবির ট্রেলার মুক্তির অনুষ্ঠান হওয়ার কথা ছিল। কিন্তু গতকালের ঘটনার জেরে ছবির প্রচারমূলক এই অনুষ্ঠান পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ছবির টিম।
ইতিমধ্যেই প্রযোজনা সংস্থার অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সেই খবর জানানো হয়েছে টিমের তরফে। পোস্টে লেখা হয়েছে, ‘১২ নভেম্বর বুধবার ধুরন্ধর ছবির ট্রেলার লঞ্চ হওয়ার কথা ছিল। কিন্তু দিল্লি বিস্ফোরণের ঘটনায় বহু মানুষ প্রাণ হারিয়েছেন। এই শোকের আবহে ট্রেলার লঞ্চের অনুষ্ঠানটি স্থগিত রাখা হল। আগামীতে আমাদের নতুন ছবির ট্রেলার লঞ্চের অনুষ্ঠানের দিন নির্ধারিত হলে তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।’
শুধু ‘ধুরন্ধর’ নয়, একইসঙ্গে পিছিয়ে গিয়েছে ‘ককটেল ২’ ছবির শুটিংও। বুধবার ১২ নভেম্বর এই ছবির দ্বিতীয় দফার শুটিং শুরু হওয়ার কথা ছিল দিল্লিতে। কিন্তু দিল্লির বায়দূষণ এবং বিস্ফোরণের ঘটনায় পিছিয়ে গেল এই ছবির শুটিং।
