উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ বদর খান সুরি, ওয়াশিংটনের জর্জটাউন বিশ্ববিদ্যালয়ে গবেষণারত এই ভারতীয় গবেষকের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল প্যালেস্টাইনের সশস্ত্র সংগঠন হামাসের সমর্থনে কথা বলার। সোমবার তাঁকে তাঁর ভার্জিনার নিজ বাসভবন থেকে গ্রেপ্তার করা হয়। তাঁকে আমেরিকা থেকে বিতারিত করার সিদ্ধান্তও নিয়েছিল ট্রাম্প প্রশাসন। কিন্তু সেই সিদ্ধান্ত আপাতত স্থগিত করে দিল আমেরিকার ইস্টার্ন ডিস্ট্রিক্ট অফ ভার্জিনিয়া কোর্ট। বৃহস্পতিবার বিচারক প্যাট্রিসিয়া টলিভার গাইলস তাঁর আদেশনামায় জানান, আদালতের পরবর্তী নির্দেশ না মেলা পর্যন্ত ওই গবেষককে আমেরিকা থেকে বিতারিত করা যাবে না।
প্রসঙ্গত, সম্প্রতি আমেরিকার হোমল্যান্ড সিকিওরিটি দপ্তর(DHS)জানায়, সুরি তাঁর সমাজমাধ্যমে হামাসের পক্ষে কথা বলেছেন। তাঁর বিরুদ্ধে ইহুদি বিরুদ্ধ মন্তব্য করারও অভিযোগ ওঠে। সোমবার তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে যে ধারা প্রয়োগ করা হয় তা অনুযায়ী, যে সব অভিবাসীরা আমেরিকার জন্য ‘ক্ষতিকারক’ বলে মনে হবে, তাঁদের দেশ থেকে বিতারিত করার অধিকার রয়েছে বিদেশ দপ্তরের। সুত্রের খবর, সুরির ভিসা প্রত্যাহারের সিদ্ধান্তেও সম্মতি জানিয়েছে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও। যদিও সুরির আইনজীবীর দাবি, ওই গবেষকের স্ত্রীর জন্মসূত্রে প্যালেস্টাইন যোগ রয়েছে বলেই ইচ্ছাকৃতভাবে তাঁদের বিব্রত করা হচ্ছে। যদিও মার্কিন আদালতের রায়ে আপাতত আর মার্কিন মুলুক ছাড়তে হচ্ছে না বদর খান সুরিকে।
