দিনহাটা: মধ্যরাতে পুলিশি অভিযানে সাফল্য। গাড়ি থেকে মাদক বাজেয়াপ্ত করল কোচবিহারের (Cooch Behar Information) দিনহাটা থানার পুলিশ (Dinhata Police)। ঘটনায় জান্নাতুল ফিরহাদ ও রমজান হক নামে দু’জনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার তাদের কাছে বিশেষ সূত্রে খবর আসে মধ্যরাতে কোনও অবৈধ জিনিস পাচার হবে। সেইমতো গিতালদহ পুলিশ ক্যাম্পের ইনচার্জ অরুন তামাংয়ের সঙ্গে দিনহাটা থানার আইসি জয়দীপ মোদকের নেতৃত্বে পুলিশের বিশেষ টিম গিতালদহ নারায়ণগঞ্জ রোডে অভিযানে নামে। সেইসময় তাদের সামনে একটি সন্দেহজনক গাড়ি এলে, সেটিকে থামিয়ে তল্লাশি চালাতেই ছোটো পাঁচটি প্লাস্টিকের ক্যারিব্যাগে এক হাজার ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত হয়। এরপরই গাড়িতে থাকা দু’জনকে গ্রেপ্তার করা হয়। গাড়িটিকেও আটক করা হয়েছে। আইসি জয়দীপ মোদক বলেন, ‘ধৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হবে।’
