উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফের জঙ্গি হামলার আশঙ্কায় তটস্থ দেশের রাজধানী (Delhi Terror Menace)। সোমবার দফায় দফায় বোমা হামলার হুমকিতে তোলপাড় দিল্লি (Delhi)। একাধিক স্কুলে বিস্ফোরণের হুমকির রেশ কাটতে না কাটতেই এবার সরাসরি লালকেল্লা ও দিল্লি বিধানসভা ভবন উড়িয়ে দেওয়ার হুমকি বার্তা এল। ঘটনায় চরম চাঞ্চল্য ছড়িয়েছে প্রশাসনিক মহলে। তড়িঘড়ি লালকেল্লা (Pink Fort Safety) সহ দিল্লিজুড়ে জারি করা হয়েছে হাই অ্যালার্ট।
পুলিশ সূত্রে খবর, এদিন দিল্লির বিধানসভার অধ্যক্ষের কাছে একটি ই-মেল আসে। ওই বার্তায় দাবি করা হয়েছে, লালকেল্লা ও বিধানসভা ভবন বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে। বার্তা পাওয়ার পরেই যুদ্ধকালীন তৎপরতায় অভিযানে নামে দিল্লি পুলিশ ও বম্ব ডিসপোজ়াল স্কোয়াড। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয় ঐতিহাসিক লালকেল্লা চত্বর। যদিও দীর্ঘ তল্লাশিতে এখনও পর্যন্ত সন্দেহজনক কিছু মেলেনি।
আন্তর্জাতিক যোগ ও ধরপাকড়
ঘটনাচক্রে, রবিবারই দিল্লি পুলিশের স্পেশাল সেল জঙ্গি যোগে ৮ জনকে গ্রেপ্তার করেছে। ধৃতদের মধ্যে পশ্চিমবঙ্গের বাসিন্দাও রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে। রাজধানীর প্রতিটি প্রবেশপথ ও গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং।
